ময়মনসিংহে সার্বজনীন পেনশন মেলা
পেনশন মেলার র্যালি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২০:৫৩
সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং পেনশন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ‘সার্বজনীন পেনশন মেলা ২০২৬’। আজ মঙ্গলবার নগরীর সার্কিট হাউজ মাঠে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
সকাল ১১টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। এরপর মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করা হয়। দুপুরে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় পেনশন কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ, অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফুজ্জামান। মুখ্য আলোচক ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।
মো. সুরাতুজ্জামান বলেন, কিভাবে একটি দেশ দারিদ্র্য মুক্ত, ক্ষুধা মুক্ত দেশ গঠিত হবে সেই লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার সর্বজনীন পেনশন স্কিমকে আকর্ষণীয় করতে কাজ করছে। সার্বজনীন পেনশন স্কিমের আওতায় কর্মজীবনে একজন ব্যক্তি নিয়মিত নির্দিষ্ট অর্থ জমা রাখবেন এবং শর্ত পূরণ সাপেক্ষে ভবিষ্যতে মাসিক পেনশন পাবেন। সরকারি চাকরির পেনশনের বাইরে থাকা বেসরকারি চাকরিজীবী, স্বনিয়োজিত ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষকে সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনাই এর লক্ষ্য। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ, স্বল্প আয়ের কর্মজীবী ও অনানুষ্ঠানিক খাতে কর্মরতদের কাছে স্কিমের সুযোগ-সুবিধা সহজ ভাষায় তুলে ধরাই ছিল মেলার মূল উদ্দেশ্য। পেনশন সেবা আরও সহজ করতে অনলাইনভিত্তিক ইউপেনশন অ্যাপের মাধ্যমে গ্রাহকদের মাঝে স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ রাখা হয়েছে।
তথ্যপ্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বেসরকারিভাবে কর্মজীবন শেষে তেমন কোনো পেনশন ব্যবস্থা নেই, এটি একটি শুধুমাত্র সঞ্চয় নয়, এটা একটা দীর্ঘমেয়াদী সামাজিক বিনিয়োগ, যেটা বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তা। সে কারণেই, সরকারের এই উদ্যোগে সম্পৃক্ত হয়ে নিজের নিরাপত্তা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিমের সদস্য হওয়ার জন্য আহ্বান জানান।