সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবা বাড়াতে ইউনিলিভার-ফ্রেন্ডশিপের চুক্তি
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২২:৫৩
দেশের দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্যের প্রাপ্তি সহজ করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ও সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।
২৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। কমিউনিটির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পণ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে টেকসই স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা চর্চাকে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
এই উদ্যোগের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, মা ও শিশুর সুস্থতা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। পাশাপাশি ফ্রেন্ডশিপ কমিউনিটি মেডিকেইডসের (এফসিএম) উদ্যোক্তা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতা করা হবে।
কার্যক্রমের কার্যকারিতা বাড়াতে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ এবং নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, কাস্টমার স্ট্র্যাটেজি অ্যান্ড চ্যানেল এক্সেলেন্স, জিশান বায়েজিদ রহমান এবং ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর, লিগ্যাল অ্যান্ড সিএফও, মুহাম্মদ শামীম রেজা।
- বিষয় :
- সহায়তা