কক্সবাজারে পর্যটকদের চলাচল সহজ করতে ৩০ ইয়ামাহা মোটরসাইকেল হস্তান্তর
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২৩:০১
কক্সবাজারে পর্যটকদের চলাচল আরও সহজ করতে মোটরসাইকেল রেন্টাল ব্যবসায়ীদের ৩০টি ইয়ামাহা এফজেডএস ভার্সন ৪.০ মোটরসাইকেল হস্তান্তর করেছে ইয়ামাহা বাংলাদেশ। পর্যটকেরা মোটরসাইকেল ভাড়া নিয়ে কক্সবাজার শহর ও আশপাশের পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখতে পারবেন, এমন লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ড্রাইভিং ট্যুরিজম, মোবিলিটি ইন কক্সবাজার’ ভাবনাকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, পর্যটকদের ব্যক্তিগত পরিবহনের সুযোগ বাড়ানোর পাশাপাশি কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করাই এর উদ্দেশ্য।
সম্প্রতি কক্সবাজারের হোটেল সি গালে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেলগুলো ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে এসিআই মোটরস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কক্সবাজারে ইয়ামাহার অনুমোদিত ডিলার মাহিন মোটরসের স্বত্বাধিকারী উপস্থিত ছিলেন।
হস্তান্তর করা মোটরসাইকেলগুলো ইয়ামাহা এফজেডএস ভার্সন ৪.০ মডেলের। এতে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) রয়েছে। পাশাপাশি ফুয়েল ইনজেকশন (এফআই) প্রযুক্তির কারণে মোটরসাইকেলটি জ্বালানি সাশ্রয়ী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে রাইডার ও পিলিয়নের জন্য দুটি করে সার্টিফায়েড হেলমেট দেওয়া হয়েছে। এর ফলে পর্যটকেরা নিরাপদে মোটরসাইকেল ব্যবহার করে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন।
- বিষয় :
- মোটরসাইকেল