ইস্তাম্বুলে তথ্যপ্রযুক্তিমন্ত্রী
সরকারে এআইর ব্যবহার হতে হবে দায়িত্বশীল ও মানবকেন্দ্রিক
ফকির মাহবুব আনাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০৮:০৬
| প্রিন্ট সংস্করণ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেবল ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটি ইতোমধ্যে বিভিন্ন দেশে সরকারি সিদ্ধান্ত গ্রহণ, নাগরিক সেবা ও উন্নয়ন প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনছে। সরকারে এআইর ব্যবহার হতে হবে দায়িত্বশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবকেন্দ্রিক।
গতকাল মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে এআই সম্পর্কিত আন্তঃআঞ্চলিক সম্মেলনের উদ্বোধন অধিবেশনে তিনি এসব কথা বলেন। ‘এআই গভর্ন্যান্স ইন প্র্যাকটিস: প্র্যাকটিক্যাল ইউজ কেসেস, ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, ইনোভেশন অ্যাট স্কেল অ্যান্ড গ্লোবাল কোঅপারেশন’ শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলনটি গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে কোরিয়া ও তুরস্কের সরকার, আস্তানা সিভিল সার্ভিস হাব এবং ইউএনডিপি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, আমরা কত দ্রুত এআই গ্রহণ করব তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কতটা প্রজ্ঞার সঙ্গে, দায়িত্বশীলভাবে ও অন্তর্ভুক্তিমূলক উপায়ে এটি পরিচালনা ও নিয়ন্ত্রণ করব।
এআই সুশাসনের জন্য মন্ত্রী তিনটি মৌলিক নীতির কথা বলেন। তিনি বলেন, এ ক্ষেত্রে আস্থা ও বিশ্বাস জরুরি। প্রযুক্তির পাশাপাশি দক্ষ মানবসম্পদ, কার্যকর প্রাতিষ্ঠানিক সক্ষমতা, উপযুক্ত ডেটা গভর্ন্যান্স ও সময়োপযোগী আইনি কাঠামো প্রয়োজন। কোনো একক দেশের কাছে সব সমাধান নেই। তাই অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতাই টেকসই রূপান্তর নিশ্চিত করতে পারে। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে মন্ত্রী বলেন, এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে, বরং বিদ্যমান বৈষম্য দূর করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
- বিষয় :
- তথ্যপ্রযুক্তি