বহির্বিশ্বের সঙ্গে দেশের লেনদেনে বড় ঘাটতি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০৮:০৯
| প্রিন্ট সংস্করণ
রপ্তানির তুলনায় আমদানি বাড়ছে বেশি হারে। এতে করে চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২৯৬ কোটি ডলার। অবশ্য ভালো রেমিট্যান্সের কারণে চলতি হিসাবে উদ্বৃত্ত রয়েছে প্রায় ৬০ কোটি ডলার। তবে বিদেশি বিনিয়োগ এবং ঋণ কমে যাওয়ায় সামগ্রিক লেনদেনে বড় ঘাটতি তৈরি হয়েছে। জুলাই-আগস্ট সময়ে সামগ্রিক লেনদেনে ঘাটতি ৬৯ কোটি ডলারের বেশি।
বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্টের ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) বা বৈদেশিক লেনদেন ভারসাম্য প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রথম দুই মাসে আমদানি ব্যয় ১২ শতাংশের বেশি বেড়ে এক হাজার ২২০ কোটি ডলার হয়েছে। আর রপ্তানি আয় প্রায় ৬ শতাংশ বেড়ে ৮২৮ কোটি ডলার আয় হয়েছে। এতে করে বাণিজ্য ঘাটতি হয়েছে ৩৮২ কোটি ডলার। এ সময়ে রেমিট্যান্স আয় প্রায় ১৯ শতাংশ বেড়েছে। যে কারণে বিওপির চলতি হিসাবে প্রায় ৬০ কোটি ডলার উদ্বৃত্ত হয়েছে। গত অর্থবছরের একই সময়ে উদ্বৃত্ত ছিল ২০ কোটি ডলারের কম।
বিওপির আর্থিক হিসাবে দুই মাসে ১১৪ কোটি ডলারের ঘাটতি দাঁড়িয়েছে। গত অর্থবছরের প্রথম দুই মাসে ঘাটতি ছিল ২৩ কোটি ডলার। এ সময়ে নিট সরাসরি বিদেশি বিনিয়োগ একই সময়ের তুলনায় দুই কোটি ডলার কমে ২২ কোটি ডলার হয়েছে। অন্য বিনিয়োগ কমেছে ১৩১ কোটি ডলার।
গত অর্থবছরের একই সময়ে নিট মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ এসেছিল ১৬ কোটি ডলার। চলতি অর্থবছরে ঋণ আসার তুলনায় পরিশোধের অঙ্ক বেশি। এ কারণে দুই মাসে নিট ঋণ ২৮ কোটি ডলার ঋণাত্মক। সব মিলিয়ে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ৬৯ কোটি ডলার ঘাটতি দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে যেখানে ঘাটতি ছিল পাঁচ কোটি ডলার।
- বিষয় :
- লেনদেন