ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬০ শতাংশ

শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬০ শতাংশ
×
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৮:৩৩

| প্রিন্ট সংস্করণ

গত ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬০ শতাংশ। আগের অর্থবছরের একই প্রান্তিক ছিল ২ দশমিক শূন্য ৫ শতাংশ।  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া পাওয়া গেছে। 
বিবিএসের প্রতিবেদন বলছে, চলতি মূল্যে গত অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ১৬ লাখ ১১ হাজার ৬৭৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের একই প্রান্তিকে যা ছিল ১৪ লাখ ৩৮ হাজার ৫২৭ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৪ দশমিক ৯৬ শতাংশ, ৩ দশমিক শূন্য ৩ ও ২ দশমিক ২২ শতাংশ। চার প্রান্তিক মিলে গত অর্থবছরের গড় জিডিপি প্রবৃদ্ধি দাঁড়ায় ৩ দশমিক ৬৮ শতাংশ। এর আগে সাময়িক হিসাবে, জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ১৪ শতাংশ। 

গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেবা খাতে প্রবৃদ্ধির গতি আগের অর্থবছরের তুলনায় কিছুটা বেশি ছিল। তবে কৃষি খাতে প্রবৃদ্ধি কমেছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫২ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ৯২ শতাংশ।
সেবা খাতেও চতুর্থ প্রান্তিকে আগের অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২৮ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ২৬ শতাংশ। 

অন্যদিকে কৃষি খাতের প্রবৃদ্ধি নেমে গেছে প্রায় অর্ধেকে। গত অর্থবছরের চতুর্থ এবং শেষ প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ১ দশমিক ৭৩ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ১৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে চতুর্থ প্রান্তিকের হিসাবে কৃষি খাতের প্রবৃদ্ধি ১ দশমিক ৪৬ শতাংশীয় পয়েন্ট কমেছে।
 

আরও পড়ুন

×