ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরের মধ্যেই গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি ঘোষণার দাবি জি-স্কপের

ডিসেম্বরের মধ্যেই গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি ঘোষণার দাবি জি-স্কপের
×
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ২২:৩১

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই গার্মেন্টস শ্রমিকদের হাতে নতুন ঘোষিত মজুরি পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। এ জন্য অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে দ্রুত নতুন মজুরি ঘোষণার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার বিকেল চারটায় গাজীপুরের মাওনা চৌরাস্তায় আয়োজিত শ্রমিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। জি-স্কপের গাজীপুর আঞ্চলিক কমিটি মজুরি বোর্ড দ্রুত পুনর্গঠন ও নতুন মজুরি ঘোষণার দাবিতে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ায় গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান মজুরিতে নিজেদের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাও তাদের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে। অথচ শ্রমিকদের শ্রম ও অবদানের ওপর ভর করেই দেশের তৈরি পোশাকশিল্প ও রপ্তানি অর্থনীতি এগিয়ে চলেছে।

বক্তারা আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যায্য, বৈষম্যহীন ও জীবনধারণযোগ্য মজুরি নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে সরকারি জাতীয় বেতন স্কেল, জাতীয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) জাতীয় ন্যূনতম মজুরির দাবি, দেশের দারিদ্র্য পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং এশিয়ার অন্যান্য পোশাক উৎপাদনকারী দেশের মজুরি কাঠামো বিবেচনায় নিতে হবে।

শুধু শিল্পের মুনাফা বা রপ্তানি প্রতিযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা যাবে না উল্লেখ করে বক্তারা বলেন, শ্রমিক ও তাঁদের পরিবারের সম্মানজনক জীবনযাপনের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মজুরি বোর্ড পুনর্গঠন ও নতুন মজুরি ঘোষণায় দীর্ঘসূত্রতার সমালোচনা করে তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কোনো অজুহাতে নতুন মজুরি কার্যকর করতে বিলম্ব করা চলবে না।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জি-স্কপের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও শ্রমিকনেতা বাচ্চু মিয়া। সভাপতিত্ব করেন সংগঠনটির গাজীপুর আঞ্চলিক কমিটির যুগ্ম সমন্বয়ক ফারহানা আলেয়া। সঞ্চালনা করেন একই কমিটির যুগ্ম সমন্বয়ক শাজাহান সিরাজ।

এতে বক্তব্য দেন জি-স্কপের কেন্দ্রীয় নেতা এম এ সালাম ও আসাদুজ্জামান আসাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আল আমিন হাওলাদার শ্রাবণ, মোর্শেদ আলম কাউছার, মো. শরিফ, মো. আজিজুল, মো. হানিফ ও মো. ফরহাদসহ সংগঠনটির অন্তর্ভুক্ত ১৭টি সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ের নেতারা।

সমাবেশ থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে নতুন মজুরি ঘোষণা করতে হবে এবং ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই সেই মজুরি শ্রমিকদের হাতে পৌঁছে দিতে হবে। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা দয়া নয়, অধিকার। এ অধিকার প্রতিষ্ঠায় জি-স্কপের আন্দোলন অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×