৯ হাজার রাইডারের মাইলফলক উদযাপনে রয়্যাল এনফিল্ডের ‘রাইড ফর স্মাইলস’
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ২১:০৭
বাংলাদেশে ক্লাসিক ৩৫০ মোটরসাইকেলের ৯ হাজারের বেশি রাইডারের মাইলফলক উদযাপন উপলক্ষে বিশেষ সামাজিক উদ্যোগ ‘ক্লাসিক ৩৫০ রাইড ফর স্মাইলস’ আয়োজন করেছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ। এ আয়োজনে ক্লাসিক ৩৫০-এর ৫০ জন রাইডার অংশ নেন। পরে তারা এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের শিশুদের সঙ্গে আনন্দ ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
গত ১০ অক্টোবর আয়োজিত এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল রাইডিংয়ের আনন্দ শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়া এবং তাদের জন্য আনন্দময় কিছু স্মৃতি তৈরি করা।
‘এ রাইড, অ্যা স্মাইল, অ্যা মেমোরি ফরএভার’ প্রতিপাদ্য নিয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম থেকে রাইডারদের যাত্রা শুরু হয়। গন্তব্যে পৌঁছে রাইডাররা শিশুদের সঙ্গে খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন। শিশুদের জন্য ছিল স্পোর্টস কিট, উপহার, ম্যাজিক শো এবং ট্রাফিক সচেতনতামূলক ক্লাস।
রয়্যাল এনফিল্ড বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ক্লাসিক ৩৫০-এর ৯ হাজারের বেশি রাইডারের মাইলফলক শুধু একটি সংখ্যাগত অর্জন নয়, বরং রাইডারদের ভালোবাসা, আস্থা ও মোটরসাইকেলটির সঙ্গে তাঁদের দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিফলন। এই অর্জনের আনন্দকে আরও অর্থবহ করতেই ‘রাইড ফর স্মাইলস’ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে সুন্দর স্মৃতি তৈরি করাই এ আয়োজনের বড় সাফল্য।
একজন রাইডার বলেন, এ দিনের যাত্রা তাঁর কাছে বিশেষ ছিল। শুধু মোটরসাইকেল চালানোর আনন্দ নয়, এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের শিশুদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে পেরে তিনি আনন্দিত। শিশুদের সঙ্গে সময় কাটানো এবং তাদের হাসির অংশ হতে পারাই ছিল তাঁর কাছে সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।
এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, শিশুদের বিকাশে শিক্ষা ও যত্নের পাশাপাশি আনন্দ, খেলাধুলা এবং ইতিবাচক সামাজিক অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। রয়্যাল এনফিল্ড বাংলাদেশের এ উদ্যোগ শিশুদের জন্য আনন্দময় ও অংশগ্রহণমূলক একটি দিন তৈরি করেছে। শিশুদের কল্যাণে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ ১৯৭২ সাল থেকে পিতামাতার যত্নবঞ্চিত বা যত্ন হারানোর ঝুঁকিতে থাকা শিশুদের পরিচর্যা, শিক্ষা ও বিকাশে কাজ করছে। শিশু কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্থাটি ২০২৬ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে।
- বিষয় :
- মোটরসাইকেল