বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৭:০৪
বেসিক ব্যাংকের আমানত চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৫ হাজার কোটি টাকা বেড়েছে। গ্রাহকদের এ আস্থা ধরে রেখে খেলাপি ঋণ আদায়, নতুন খেলাপি ঋণ সৃষ্টি রোধ এবং গ্রাহকসেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী।
শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি মিলনায়তনে বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সংকট কাটিয়ে ব্যাংককে উন্নতির পথে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। খেলাপি ঋণ আদায়ে আইনি প্রক্রিয়া জোরদার, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ এবং সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। লোকসানি শাখাগুলোকে লাভজনক করারও আহ্বান জানান তিনি।
ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মুন্সি আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল, সাবেক অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ, অভিজ্ঞ আইনজীবী মো. লুৎফুর রহমান এবং অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যাংকার মো. খায়রুল কবির, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক রুপ রতন পাইন। এছাড়াও উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস ও হাসান ইমাম, মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেল উপস্থিত ছিলেন।
শেখ ফরিদ নতুন খেলাপি ঋণ রোধ, স্বল্প সুদে আমানত সংগ্রহ এবং কমিশনসহ সুদবহির্ভূত আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। অন্য বক্তারা ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ, এসএমই খাতে অর্থায়ন, রেমিট্যান্স আহরণ এবং ঋণ আদায় জোরদারের পরামর্শ দেন।
সভায় আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, আমদানি-রপ্তানি বাণিজ্য এবং ব্যাংকের আয় বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা হয়। শাখা ও উপশাখা ব্যবস্থাপকদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
- বিষয় :
- বেসিক ব্যাংক
- সভা