ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২৩:০১

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেড। এ কারখানায় বছরে ৬০ লাখ পিস অন্তর্বাস ও ব্রা উৎপাদন করা হবে। এতে ৩ হাজার ৫ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ লক্ষ্যে সোমবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্রতিষ্ঠানটির ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় বেপজা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন এবং লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান লি কিয়াংকিয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেপজা জানায়, লংটেং গার্মেন্ট ১৬ হাজার ৪২৬ দশমিক ৩৭ বর্গমিটার জমিতে কারখানা স্থাপন করবে। সেখানে উৎপাদিত পণ্য বৈশ্বিক বিভিন্ন ব্র্যান্ডের জন্য রপ্তানি করা হবে। এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে এয়ারি, ক্যালভিন ক্লেইন, জারা, ফ্লোরেন্স অ্যান্ড ফ্রেড (টেসকো), এএসওএস ও প্রাইমার্ক। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ক্রেতাদের মধ্যে রয়েছে এইচঅ্যান্ডএম, ওয়ালমার্ট, এমঅ্যান্ডএস ও গ্যাপ।

প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, আলজেরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, চিলি, মেক্সিকো, ইরাক, জাপান ও কানাডাসহ বিশ্বের বিভিন্ন বাজারে পণ্য রপ্তানির পরিকল্পনা করছে।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বেপজা ও বাংলাদেশের ওপর আস্থা রেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় লংটেং গার্মেন্টকে ধন্যবাদ। তিনি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং অতিরিক্ত নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) ফজলুল হক মজুমদারসহ বেপজা ও লংটেং গার্মেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×