ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সাড়ে চার হাজারের বেশি মান প্রণয়ন করেছে বিএসটিআই

বিশ্ব মান দিবস আজ

সাড়ে চার হাজারের বেশি মান  প্রণয়ন করেছে বিএসটিআই
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৭:৫৮

| প্রিন্ট সংস্করণ

বিশ্ব মান দিবস আজ। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব–সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

দিবসটি উপলক্ষে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জন্য দিবসটির গুরুত্বপূর্ণ বার্তা হলো–জ্বালানি উৎপাদন করাই যথেষ্ট নয়, জ্বালানির প্রতিটি ইউনিটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি নিশ্চিতে বিএসটিআই ইতোমধ্যে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির ৭৯টি মান প্রণয়ন করেছে। বিশ্ব মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। বিএসটিআই ইতোমধ্যে চার হাজার ৬৩১টি মান প্রণয়ন করেছে। 
শিল্প সচিব আব্দুন নাসের খান সমকালকে বলেন, বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে এগিয়ে যাওয়ায় সব ক্ষেত্রে পণ্যের মান উন্নীত করা জরুরি হয়ে পড়েছে। বিএসটিআই মানদণ্ড নির্ধারণ ও বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ল্যাবগুলো বেশ উন্নত হয়েছে। ইতোমধ্যে অনেক ল্যাব অ্যাক্রিডিটেশন অর্জন করেছে, বাকিগুলোও অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সংগতি রেখে এই ল্যাবগুলোকে সাজানো হচ্ছে। 

খাদ্য নিরাপত্তা ও পণ্যের মানের সঙ্গে কোনো আপস নয় বলে হুঁশিয়ারি দিয়ে শিল্প সচিব বলেন, ভবিষ্যৎ বাজার সম্প্রসারণ এবং প্রতিযোগিতায় টিকে থাকতে সব পণ্য আন্তর্জাতিকমানের হতে হবে। প্রধানমন্ত্রীও ফুড সেফটি ও মান নিয়ন্ত্রণের বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছেন। বিএসটিআইর সক্ষমতা আরও বাড়াতে এবং সেফটি নিশ্চিত করতে আধুনিকায়নের নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, মান প্রণয়ন ও মান বাধ্যতামূলক করার ক্ষেত্রে অন্য দেশের তুলনায় বাংলাদেশ এখনও পিছিয়ে। ফলে নিম্নমানের পণ্য ও নকল-ভেজাল পণ্যে বাজার সয়লাব। তাঁর ভাষ্য, বিএসটিআই যেসব পণ্যের মান বাধ্যতামূলক করেছে, সেগুলোর মান যথাযথ রয়েছে কিনা তা যাচাই হচ্ছে না। কারণ, মান নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য ভোক্তা যেন প্রতারিত বা প্রবঞ্চিত না হন এবং সঠিক জিনিসটি কিনতে পারেন তা নিশ্চিত করা।
বিএসটিআই জানিয়েছে, সংস্থাটির সার্টিফিকেশন মার্কস উইং থেকে গত ২০২৫-২৬ অর্থবছরে মোট নতুন লাইসেন্স দেওয়া হয়েছে তিন হাজার ৯১৬টি এবং নবায়ন করা হয়েছে চার হাজার ৭১১টি। তিন হাজার ভ্রাম্যমাণ আদালত এবং সার্ভিল্যান্স পরিচালনার মাধ্যমে এক হাজার ১১টি মামলা দায়ের করা হয়েছে। নিষ্পত্তি করা হয়েছে ৯২১টি। এসব মামলায় তিন কোটি ৮০ লাখ টাকার বেশি জরিমানা আদায়, ৩৩টি প্রতিষ্ঠান সিলগালা ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে।
একই সময়ে মেট্রোলজি উইং থেকে পাঁচ হাজার ৭৫টি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। আট লাখ ৪৪ হাজার ৪০০টি ওজন ও পরিমাপ যন্ত্র ভেরিফিকেশন করা হয়েছে। 

আরও পড়ুন

×