ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নতুন অ্যাপ চালু করল নগদ, নিরাপত্তায় এআই প্রযুক্তি

নতুন অ্যাপ চালু করল নগদ, নিরাপত্তায় এআই প্রযুক্তি
×
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৭:৩০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ১৭:৩৭

গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। নতুন এই অ্যাপে গ্রাহকবান্ধব ইন্টারফেসের পাশাপাশি যুক্ত করা হয়েছে উন্নত প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।

নগদ জানিয়েছে, নতুন অ্যাপটিতে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের সুবিধার্থে বহুল ব্যবহৃত ফিচারগুলো আরও সুবিন্যস্ত করা হয়েছে। সহজ নকশা ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি অ্যাপটি ব্যবহারে গ্রাহকের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি অ্যাপটির রেসপন্স, লোডিং ও ল্যাগ টাইম কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন অ্যাপের মাধ্যমে পেমেন্ট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, ইউটিলিটি বিল পরিশোধ এবং ইন্টারঅপারেবিলিটি সেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। সহজে ব্যবহারযোগ্য নকশার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও অ্যাপটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নগদ আরও জানিয়েছে, গ্রাহকদের আর্থিক চাহিদা বিবেচনায় নিয়ে শিগগিরই অ্যাপটিতে ঋণ, ফিক্সড ডিপোজিট ও বিমার মতো নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একটি অ্যাপের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেনের পাশাপাশি বিভিন্ন আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

নতুন অ্যাপে নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য চালু করা হয়েছে ডিভাইস বাইন্ডিং সুবিধা, যা গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এ ছাড়া বহুস্তরীয় নিরাপত্তাব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর জালিয়াতি প্রতিরোধের ব্যবস্থা যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে রিয়েল-টাইমে সন্দেহজনক নিরাপত্তাঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের ব্যবস্থা রাখা হয়েছে।

এ বিষয়ে নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন অ্যাপ চালু করা হয়েছে। আধুনিক ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতার সঙ্গে শক্তিশালী নিরাপত্তাকাঠামো যুক্ত করায় গ্রাহকরা আরও সহজে ও দ্রুত নিজেদের দৈনন্দিন ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন।

তিনি আরও বলেন, নগদের মূল লক্ষ্য হলো এমন একটি ইকোসিস্টেম তৈরি করা, যেখানে গ্রাহকরা একটি অ্যাপ থেকেই তাদের দৈনন্দিন সব আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদার কথা বিবেচনায় রেখে অ্যাপটিতে নিয়মিত নতুন সেবা ও নিরাপত্তাবৈশিষ্ট্য যুক্ত করা হবে।

নগদ জানিয়েছে, নতুন অ্যাপের মাধ্যমে লেনদেন চালিয়ে যেতে গ্রাহকদের গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নিতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×