নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব ও আর্থিক খাত সংস্কারে জোর আইএমএফের
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক, ব্যাংকক থেকে
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১০:৩৫
বাংলাদেশের প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ বৃদ্ধি ও আর্থিক খাতের সংস্কারকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, দেশের রাজস্ব-জিডিপি অনুপাত কমে ৭ শতাংশে নেমে এসেছে, যা বিশ্বে সর্বনিম্ন পর্যায়ে। একই সঙ্গে আর্থিক খাতের বিদ্যমান বড় সমস্যাগুলো সমাধানে কৌশলগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আজ বৃহস্পতিবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি ডিরেক্টর সোনালী জৈন-চন্দ্র।
তিনি বলেন, আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য রাজস্ব আহরণ বাড়াতে হবে। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখা এবং প্রয়োজনীয় সংস্কার যথাসময়ে বাস্তবায়ন জরুরি।
বাংলাদেশের জন্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। এসব সংস্কার নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করছে আইএমএফ এবং অগ্রগতি পর্যালোচনা করছে সংস্থাটি।