শরীআহ পরিপালন জোরদারে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কর্মশালা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২২:৪৫
ইসলামী ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন আরও জোরদার করার লক্ষ্যে ‘শরীআহ কমপ্লায়েন্স ইন ব্যাংকিং অপারেশন্স’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। বুধবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম ও মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন।
কর্মশালায় প্রফেসর ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম ইসলামী ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধ ও উন্নত আচরণবিধি অনুসরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন ইসলামী ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালনের গুরুত্ব, করণীয় ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে ব্যাংকের শাখাভিত্তিক শরীআহ অডিটের পর্যালোচনা উপস্থাপন করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। তিনি কর্মশালাটি সঞ্চালনাও করেন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম।
কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের শরীআহ সেক্রেটারিয়েট ডিভিশনের কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানরা অংশ নেন। এ ছাড়া দেশের বিভিন্ন শাখার শাখাপ্রধান, অপারেশন্স ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট ইনচার্জরাও এতে উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, কর্মশালাটির মাধ্যমে ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা, শরীআহ বিশেষজ্ঞ ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে শরীআহ পরিপালনসংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণে কর্মকর্তাদের দক্ষতা জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি