ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

টিসিবির কার্যক্রম বাড়ানোর তাগিদ

টিসিবির কার্যক্রম বাড়ানোর তাগিদ
×
×

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় আর্মি গলফ ক্লাবে আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল, সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. বদরুন নেসা আহমেদসহ অন্যরা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৯:৩১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ০৯:৩৫

| প্রিন্ট সংস্করণ

বর্তমান নিত্যপণ্যের বাজারে জিনিসপত্রের চড়া দাম, উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক সরবরাহ সংকটের এই সময়ে দেশের নিম্নআয়ের মানুষের সুরক্ষায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটির দ্রুত পেমেন্ট সুবিধা ও সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন প্রশংসনীয়। তবে এর কার্যক্রমের পরিধি আরও বাড়ানো এবং বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করা দরকার। 

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় আর্মি গলফ ক্লাবে আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. বদরুন নেসা আহমেদ। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থনীতিবিদ, গবেষক, শিল্পপতি, পণ্য বাজারজাতকারী ও অংশীজন বক্তব্য দেন। 

স্বাগত বক্তব্যে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল বলেন, স্বচ্ছতা বাড়ানো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, সরাসরি ব্যাংক এপিআই লেনদেন এবং স্মার্ট ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মাধ্যমে সংস্থাটি কার্যক্রম পরিচালনায় শৃঙ্খলা ও বিপুল ব্যয় সাশ্রয় নিশ্চিত করেছে।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও নিম্ন প্রবৃদ্ধির সময়ে টিসিবির ফ্যামিলি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। তবে এ কর্মসূচির বাইরে থাকা ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পণ্য পৌঁছাতে কার্যক্রমের পরিধি বাড়ানো দরকার। তিনি টিসিবিকে সামাজিক সুরক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত, কার্ডের কার্যকারিতা আরও টেকসই করা এবং প্রকৃত উপকারভোগীরা সেবা পাচ্ছেন কিনা, তা নিশ্চিত করার আহ্বান জানান। 
চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন, বৈশ্বিক সংকটের সময়ে বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখছে টিসিবি। আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে আধুনিক ও প্রতিযোগিতামূলক অভ্যন্তরীণ সোর্সিংয়ের মাধ্যমে টিসিবি পরিচালনা করা দরকার।
অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মার্ক শ্যান গোল্ডরিক বলেন, তাদের প্রতিষ্ঠান প্রথমবারের মতো চীনের একটি বিশেষ কারখানায় টিসিবির জন্য সয়াবিন তেল উৎপাদন করে সরবরাহ করছে। কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে এ সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 
টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার বলেন, কার্যক্রম ১০ গুণ করে দক্ষতার পরিচয় দিয়েছে টিসিবি। ম্যানুয়াল পদ্ধতি থেকে ডিজিটাল টেন্ডার ব্যবস্থায় রূপান্তর সফল হয়েছে। তবে টেন্ডার প্রক্রিয়া আরও দ্রুত ও সংক্ষিপ্ত করা প্রয়োজন। 

আরও পড়ুন

×