ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ক্ষুদ্র ও সম্ভাবনাময় ব্যবসায় পুঁজিপ্রবাহ বাড়ানোর তাগিদ

গোলটেবিল বৈঠক

ক্ষুদ্র ও সম্ভাবনাময় ব্যবসায়  পুঁজিপ্রবাহ বাড়ানোর তাগিদ
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৯:৩৩

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখা অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এসব প্রতিষ্ঠানের কর্ণধার বা মালিকরা প্রত্যাশিত অর্থায়ন পাচ্ছেন না। এ বাস্তবতায় অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদে সুফল নিশ্চিত করতে দেশীয় পুঁজিকে কার্যকরভাবে কাজে লাগানো ও অর্থায়ন কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। 
রাজধানী ঢাকার একটি হোটেলে গত বুধবার অনুষ্ঠিত ‘স্কেলিং ইমপ্যাক্ট থ্রো ফাইন্যান্স’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এমন সুপারিশ করেন। সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় আন্তর্জাতিক কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স বৈঠকটির আয়োজন করে। ‘অ্যাক্সেস টু গ্রিন ফাইন্যান্সিং’ কর্মসূচির আওতায় এই আয়োজনে অংশীদার হিসেবে ছিল ট্রুভ্যালু বাংলাদেশ ও জাতিসংঘের ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড ইউএনসিডিএফ। 

সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আমিনা চৌধুরী বলেন, বাংলাদেশ এখন আর প্রভাবভিত্তিক বিনিয়োগ কেন গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন মূল প্রশ্ন হলো, কীভাবে বৃহৎ পরিসরে দেশীয় পুঁজিকে কাজে লাগানো যায়। 
লাইটক্যাসলের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজন ইসলাম বলেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলোর সমস্যা সমাধানের একটি উপায় হলো সহায়ক মূলধন কাজে লাগিয়ে বিনিয়োগকারীদের ঝুঁকি কমানো, যাতে আরও বেশি বেসরকারি পুঁজি বিনিয়োগে আগ্রহী হয়।

আরও পড়ুন

×