নগদের নতুন অ্যাপে আসছে ডিপিএস ও ন্যানো লোন: প্রশাসক
মো. মোতাছিম বিল্লাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৯:০৯
সেবা শুরুর সাড়ে সাত বছর পরে এসে নতুন মোবাইল অ্যাপ নিয়ে এসেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। গ্রাহকদের জন্যে সেবার কলেবর সম্প্রসারণ করার লক্ষ্য থেকেই তারা এমন পদক্ষেপ নিয়েছেন বলে জানান নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
এ বিষয়ে নানান প্রশ্নের উত্তরে তিনি জানান ন্যানো লোন ও ডিপিএস চালু করা, নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার এবং ভবিষ্যতের আর্থিক উদ্ভাবন নিয়ে কাজ করতে গিয়েই অ্যাপটিকে সাজানো হয়েছে। তার সাক্ষাৎকারের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো।
নগদের নতুন অ্যাপ চালুর উদ্যোগ নেওয়ার কারণ কী?
মোতাছিম বিল্লাহ: নগদের এই যাত্রায় প্রায় সাত বছর কেটে গেছে এবং এই দীর্ঘ সময় ধরে আমরা একই অ্যাপ নিয়ে পরিচালিত হয়ে আসছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে মার্কেটের একটি স্বাভাবিক চাহিদা তৈরি হয়। পাশাপাশি আমাদের গ্রাহকদের থেকেও প্রতিনিয়ত এ বিষয়ে মতামত পাচ্ছিলাম। গ্রাহকদের এই প্রত্যাশা পূরণ এবং নতুন সময়ের উপযোগী কিছু আধুনিক সুবিধা ও প্রযুক্তি যুক্ত করতেই মূলত আমরা নতুন অ্যাপটি নিয়ে এসেছি।
নতুন অ্যাপ ব্যবহারের ফলে সাধারণ গ্রাহকেরা কী ধরনের সুবিধা পাবেন?
মোতাছিম বিল্লাহ: গ্রাহকরা যাতে খুব সহজে এবং সাবলীলভাবে লেনদেন সম্পন্ন করতে পারেন, সেটিকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। অ্যাপের মূল ফিচার ও আইকনগুলোর অবস্থান সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে, যাতে কাঙ্ক্ষিত সেবাটি চোখের সামনে ও হাতের কাছে পাওয়া যায়। ইতোমধ্যেই বেশ কিছু প্রয়োজনীয় ফিচার যুক্ত হয়েছে এবং অচিরেই আরও নতুন ফিচার আসবে। আমাদের মূল লক্ষ্য হলো – গ্রাহকদের দৈনন্দিন সকল আর্থিক লেনদেন যেন খুব স্বাচ্ছন্দ্যে নতুন এই অ্যাপের মাধ্যমে সম্পন্ন হয়, সেটি নিশ্চিত করা।
ইন্টারফেসের পরিবর্তনের বাইরে নতুন অ্যাপটিতে প্রযুক্তিগত ও সেবাগত কী নতুনত্ব রয়েছে?
মোতাছিম বিল্লাহ: সবচেয়ে বড় পরিবর্তন ও চমকগুলোর একটি হলো আমাদের ‘ইউনিভার্সাল কিউআর স্ক্যানার’। আগের মতো ক্যাশ আউট বা পেমেন্টের জন্য আলাদা ক্যাটাগরিতে যাওয়ার প্রয়োজন নাই; এই একটি ইউনিভার্সাল কিউআর রিডার দিয়ে স্ক্যান করেই গ্রাহক যেমন ‘বাংলা কিউআর’ পেমেন্ট করতে পারবেন, তেমনি এজেন্টের কিউআর রিড করেও সহজে ক্যাশ আউট করতে পারবেন। ব্যবহারকারীর হাতের আঙুলের নাগালেই এই কিউআর স্ক্যানারটি সেট করা হয়েছে, যা ব্যবহারে অভূতপূর্ব স্বাচ্ছন্দ্য আনবে।
এ অ্যাপের মাধ্যমে ব্যাংকিং সেবা কী সহজ হবে?
মোতাছিম বিল্লাহ: আমরা নতুন অ্যাপে খুব দ্রুত সময়ের মধ্যেই ডিপিএস এবং ন্যানো লোনের সেবাগুলো চালু করতে যাচ্ছি। গ্রাহকদের দিক থেকেও এগুলোর প্রচুর চাহিদা রয়েছে। আমরা ন্যানো লোন ও ডিপিএস নিয়ে অনেকগুলো ব্যাংকের সঙ্গে কাজ করছি। যখন আমরা এগুলো নিয়ে আসবো, তখন গ্রাহকরা যাতে তাদের পছন্দমতো শরীয়াহভিত্তিক ব্যাংক বা অন্যান্য ভালো ব্যাংকগুলো বেছে নিতে পারেন, সেই ব্যবস্থা থাকবে। ন্যানো লোনের ক্ষেত্রেও আমাদের মূল চেষ্টা থাকবে, যেন গ্রাহকরা অত্যন্ত স্বল্প সুদে, স্বল্প সময়ে ও সহজ প্রক্রিয়ায় এই লোন সেবাটি নিতে পারেন।
নগদ ও নগদ ইসলামিক– দুই সেবার অ্যাপ এক্সপেরিয়েন্স কি একই থাকবে?
মোতাছিম বিল্লাহ: মৌলিক গুণগত মান এবং লেনদেনের স্বাচ্ছন্দ্য দুটি সেবায় সমান থাকবে। তবে ‘নগদ ইসলামিক’ ব্যবহারকারীদের জন্য কিছু বিশেষ ও অতিরিক্ত ফিচার বাড়ানো হয়েছে। যেমন: দৈনন্দিন জরুরি মাসআলা, হাদিস, নামাজের সময়সূচি এবং যাকাত ক্যালকুলেটরের মতো সুবিধাগুলোকে আরও সমৃদ্ধ করা হয়েছে, যেন ইসলামিক অ্যাকাউন্টের গ্রাহকরা নতুন অ্যাপে বাড়তি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
নতুন অ্যাপে নিরাপত্তার বিষয়টি কতটা গুরুত্ব দেওয়া হয়েছে?
মোতাছিম বিল্লাহ: অ্যাপটি তৈরিতে আমাদের কিছুটা অতিরিক্ত সময় লাগার মূল কারণই ছিল নিরাপত্তা জোরদার করা। লেনদেনকে সর্বোচ্চ সুরক্ষিত রাখতে আমরা এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত করেছি, যা যেকোনো সম্ভাব্য জালিয়াতি শনাক্ত ও প্রতিরোধে কাজ করে। আর্থিক খাতে বিশ্বজুড়েই জালিয়াতি চক্রগুলো নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করে, তাই শতভাগ নিরাপত্তার দাবি অবাস্তব হলেও আমরা ঝুঁকি প্রশমনে সার্বক্ষণিক ইনোভেশন অব্যাহত রাখছি।
নতুন অ্যাপের মাধ্যমে তরুণ প্রজন্মের চাহিদা ও নগদের প্রত্যাশা কতটা পূরণ হবে বলে মনে করছেন?
মোতাছিম বিল্লাহ: তরুণদের চাহিদাকে প্রাধান্য দিয়েই আমরা নগদের অ্যাপে নতুন ডিজাইন এনেছি। প্রায় ছয় মাস আগে কিছু তরুণ শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছিল, নগদের বর্তমান ইউআই আধুনিক অন্যান্য অ্যাপের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে। নগদ যখন যাত্রা শুরু করে, তখন প্রান্তিক গ্রাহকদের কথা বিবেচনা করে আইকনগুলো বড় রাখা হয়েছিল। কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম ডিজিটাল ডিভাইসে অভ্যস্ত, তাই তাদের পছন্দ ও স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখে আমরা এবার নতুনভাবে ডিজাইনটি করেছি। অ্যাপে মোবাইল রিচার্জ বা বিভিন্ন প্যাকেজ বেছে নেওয়ার পদ্ধতিতেও বড় পরিবর্তণ হয়েছে। আগের টেলিকম অপারেটরদের অফারগুলো সুবিন্যস্ত ছিল না। ফলে গ্রাহকদের বিভিন্ন অপারেটরের অ্যাপে গিয়ে সুবিধাগুলো খুঁজতে হতো। নতুন অ্যাপে প্রতিটি মোবাইল কোম্পানির অফার গ্রাহকবান্ধবভাবে সাজানো হয়েছে, যাতে সবাই সহজেই তাদের জন্য সেরা ও সাশ্রয়ী প্যাকেজ বেছে নিতে পারেন।
সব মিলে আমাদের বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ রয়েছে যে, নগদের নতুন অ্যাপটি আগের চেয়ে অনেক স্মার্ট হয়েছে। আমাদের নতুন স্লোগান ‘নন-স্টপ’ – আমরা ঠিক সেই অভিজ্ঞতাই দিতে চাচ্ছি। অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে আগের চেয়ে অন্তত ৫০ শতাংশ বেশি সুবিধাজনক হবে এবং সব ফিচার যুক্ত হলে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য দ্বিগুণ হয়ে যাবে।