মেয়াদ শেষ হওয়ার আগেই সরকারি তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৯:৫২
মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক পিএলসি ও রূপালী ব্যাংকের তিন এমডির নিয়োগ বাতিলের এ নির্দেশনা দেওয়া হয়।
নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন- সোনালী ব্যাংক পিএলসির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংক পিএলসির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী এমডি ও সিইওদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ ও সম্মতি জ্ঞাপন করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর তিন বছরের মেয়াদে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন। একইভাবে জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. মজিবর রহমান ৭ নভেম্বর ২০২৪ তিন বছরের মেয়াদে দায়িত্ব নেন। আর রূপালী ব্যাংকের এমডি ও সিইও কাজী মো. ওয়াহিদুল ইসলামকে ১২ ডিসেম্বর ২০২৪ তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয় এবং তিনি ২৪ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। সে হিসাবে তিন কর্মকর্তারই নিয়োগের মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল।
- বিষয় :
- নিয়োগ বাতিল
- অর্থ মন্ত্রণালয়