ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন প্রজ্ঞাপন

চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন প্রজ্ঞাপন
×
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৭:২৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ১৭:২৮

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়মে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী এসব কর্মচারীর বেতন নির্ধারণের বিধান রাখা হয়েছে প্রজ্ঞাপনে। এটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

অর্থ বিভাগের প্রবিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বুধবার সই করেছেন অর্থ বিভাগের যুগ্মসচিব শরীফ নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬-এর আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মচারীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাদের চুক্তি সংশোধন করে নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করতে হবে। সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুসরণ করে ১ জুলাই থেকে এ বেতন কার্যকর হবে।

এ ক্ষেত্রে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর নির্ধারিত বিধান অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রাপ্য ভাতা দেওয়া হবে। তবে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না তারা।

অন্যদিকে, ১ জুলাই ২০২৬-এর পর চুক্তিভিত্তিক পদে নিয়োগ পাওয়া বা নিয়োগ পেতে যাওয়া ব্যক্তিদের বেতন নির্ধারণ করা হবে অবসরের অব্যবহিত আগে জাতীয় বেতন স্কেলে যে গ্রেড ও ধাপে তাদের মূল বেতন পাওয়ার কথা ছিল, নতুন বেতন স্কেলে সেই গ্রেড ও ধাপ অনুযায়ী। এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তি সংশোধন করতে হবে।

চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে নির্ধারিত বিধান অনুসারে বর্ধিত হারে বেতন ও চুক্তিতে উল্লেখিত প্রযোজ্য ভাতা পাবেন এসব কর্মচারী। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে নির্ধারিত বেতনই চুক্তিভিত্তিক পদের বেতন হিসেবে বিবেচিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন থেকে নির্ধারিত মোট পেনশন বাদ দেওয়া যাবে না। এককালীন অর্থ গ্রহণ বা পেনশন সমর্পণের আগের পরিমাণ এবং বিশেষ অতিরিক্ত পেনশন থাকলে সেটিও এ ক্ষেত্রে বিবেচনায় থাকবে।

তবে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদে নতুন করে কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না। অর্থাৎ, চুক্তির মেয়াদে বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক কিংবা পেনশন বৃদ্ধির সুবিধা প্রযোজ্য হবে না।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নন, এমন ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা ও অন্যান্য শর্ত যোগ্যতা ও গুণাগুণ বিবেচনায় প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে নির্ধারণ করা হবে। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ সমন্বয় করে সিদ্ধান্ত নেবে। পরে সে অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সংগতিপূর্ণ আগের নির্দেশনা বহাল থাকবে। বেতন-ভাতা বিষয়ে পরবর্তী সময়ে সরকার যেসব আদেশ জারি করবে, চুক্তি অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণে সেগুলোও প্রযোজ্য হবে।

এ ছাড়া অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।

আরও পড়ুন

×