বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৮:৩৫
বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’। রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলে ব্র্যান্ডটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের পাশাপাশি চালু হয়েছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের ক্রেতারা সরাসরি দোকান ও অনলাইনে ব্র্যান্ডটির পোশাক সংগ্রহ করতে পারবেন।
রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলের দ্বিতীয় তলায় ডি২ নম্বর শপে ৭ হাজার ৬৯৬ বর্গফুট আয়তনের স্টোরটি চালু করা হয়েছে। স্বতন্ত্র প্রিন্ট, নান্দনিক নকশা ও সমসাময়িক ফ্যাশনধারার পোশাকের জন্য পরিচিত ব্র্যান্ডটির বাংলাদেশি ক্রেতাদের জন্য অনলাইন কেনাকাটার ঠিকানা bd.ethnc.com।
বাংলাদেশে এথনিকের আনুষ্ঠানিক ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে কাজ করছে রেনেসাঁ ডেকোর লিমিটেড। প্রতিষ্ঠানটির সহযোগিতায় দেশের বাজারে ব্র্যান্ডটির উপস্থিতি সম্প্রসারণ এবং আরও বেশি ক্রেতার কাছে এর পোশাক পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বাংলাদেশে অন্তত আরও তিনটি স্টোর চালুর পরিকল্পনার কথা জানিয়েছে ব্র্যান্ড কর্তৃপক্ষ।
এথনিকের চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার (সিসিএমও) মুহাম্মদ উসমান বলেন, ‘বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ দেশের প্রাণবন্ত ফ্যাশন সংস্কৃতি এবং ব্র্যান্ডটির প্রতি ক্রেতাদের দীর্ঘদিনের আগ্রহ ও ভালোবাসাকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি। ঢাকায় আমাদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর ও অনলাইন প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতাদের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে আমরা আশাবাদী।’
রেনেসাঁ ডেকোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহরীন আসাফ বলেন, ‘আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড এথনিককে বাংলাদেশে নিয়ে আসা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা অত্যন্ত আনন্দিত এবং বিশ্বাস করি, ব্র্যান্ডটির স্বতন্ত্র নকশা ও বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ দেশের ফ্যাশন বাজারে নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশের ক্রেতাদের কাছে ব্র্যান্ডটির পরিচিতি ও উপস্থিতি আরও বিস্তৃত করতে আমরা কাজ করে যেতে চাই।’
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ফিজিক্যাল স্টোর ও অনলাইন শপিং সুবিধা এবং সংযুক্ত আরব আমিরাতে অনলাইন কার্যক্রম রয়েছে এথনিকের। বাংলাদেশে কার্যক্রম শুরুর মধ্য দিয়ে ব্র্যান্ডটির আন্তর্জাতিক সম্প্রসারণে নতুন একটি বাজার যুক্ত হলো।
এথনিক একটি সমসাময়িক আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড। স্বতন্ত্র প্রিন্ট, বৈশিষ্ট্যপূর্ণ নকশা ও আধুনিক ফ্যাশনধারার সমন্বয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক খুচরা বিক্রয় নেটওয়ার্ক ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে নিজেদের পোশাক পৌঁছে দিচ্ছে ব্র্যান্ডটি।
বাংলাদেশে নতুন এই উদ্যোগ বাস্তবায়নে সেন্টারপয়েন্ট মল ম্যানেজমেন্ট, ইউনাইটেড টার্মিনাল, ইউনাইটেড গ্রুপ, রেনেসাঁ ডেকোর লিমিটেড ও সংশ্লিষ্ট অংশীদারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে এথনিক। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ফ্যাশন হাউজ