আরও কমল স্বর্ণের দাম
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৩:২৫
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। আজ শনিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এরপর গতকাল শুক্রবার কমানো হয় ১ হাজার ৬৩৩ টাকা। আর আজ শনিবার কমল আরও ৫ হাজার ৪৮১ টাকা। ফলে দুই দিনে স্বর্ণের ভরিতে দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮২ টাকা।
- বিষয় :
- স্বর্ণের দাম
- স্বর্ণ