ডিজিটাল লেনদেনের নতুন প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৯:৫৯
দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ ও দ্রুত করতে ‘মুক্ত পে’ নামে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা টাকা পাঠানো, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ এবং যেকোনো মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জ করতে পারবেন। উদ্বোধনী অফারের আওতায় প্রথম তিন মাস ওয়ালেট থেকে ওয়ালেটে টাকা পাঠানো ও বিল পরিশোধে কোনো চার্জ দিতে হবে না।
বৃহস্পতিবার বাংলালিংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‘মুক্ত’ শব্দের অর্থ স্বাধীন। এই ভাবনা থেকেই প্ল্যাটফর্মটির নাম রাখা হয়েছে ‘মুক্ত পে’। এর লক্ষ্য, দৈনন্দিন আর্থিক লেনদেনে গ্রাহকদের বাড়তি সময়, পরিশ্রম ও খরচের ঝামেলা কমানো।
গুগল প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে ‘মুক্ত পে’ অ্যাপ ডাউনলোড করা যাবে। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক এ সেবা নিতে পারবেন। এ ছাড়া বাংলালিংক গ্রাহকেরা ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ মোবাইল ফোন থেকে *৫২৫# ডায়াল করে সেবাটি ব্যবহার করতে পারবেন।
‘মুক্ত পে’তে টাকা পাঠানো, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ এবং সব মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জের সুবিধা রয়েছে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ড থেকে ওয়ালেটে টাকা যোগ করা যাবে। অ্যাপটির মাধ্যমে বাংলালিংকের অন্যান্য সেবাও ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।
উদ্বোধনী অফারের আওতায় ওয়ালেট থেকে ওয়ালেটে টাকা পাঠানো এবং বিল পরিশোধে প্রথম তিন মাস কোনো চার্জ নেওয়া হবে না। এ ছাড়া বাংলালিংক নম্বরে প্রথম তিনবার রিচার্জে বোনাস পাবেন গ্রাহকেরা।
প্ল্যাটফর্মটি চালুর বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ‘মুক্ত পে’র মাধ্যমে সংযোগ সেবার বাইরেও গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলালিংক। স্মার্টফোন কিংবা সাধারণ মোবাইল ফোন, উভয় মাধ্যমেই এ সেবা ব্যবহার করে ব্যক্তি, মার্চেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠান সহজে ডিজিটাল অর্থনীতির অংশ হতে পারবেন।

তিনি বলেন, বিশেষ করে যেসব জনগোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ী এখনো ডিজিটাল আর্থিক সেবার আওতার বাইরে রয়েছেন, তাঁদের জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ ও সহজলভ্য করবে ‘মুক্ত পে’। বাংলাদেশে আরও বিস্তৃত ডিজিটাল আর্থিক সেবা চালুর ভিত্তি হিসেবেও কাজ করবে এ প্ল্যাটফর্ম।
ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ‘মুক্ত পে’র পৃথক মার্চেন্ট অ্যাপও চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা একটি ড্যাশবোর্ড থেকেই নিবন্ধন, গ্রাহকের কাছ থেকে পেমেন্ট গ্রহণ এবং লেনদেনের যাবতীয় হিসাব দেখতে পারবেন।
এ ছাড়া জাতীয় কিউআর পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ ‘মুক্ত পে’তে যুক্ত করার প্রক্রিয়া চলছে। এটি যুক্ত হলে গ্রাহকেরা বাংলা কিউআর সমর্থিত বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানে ‘মুক্ত পে’ ব্যবহার করে ডিজিটাল লেনদেন করতে পারবেন।
বাংলালিংকের চিফ ফিনটেক অফিসার দিমিত্রি কাশতানভ বলেন, ‘মুক্ত’ শব্দের অর্থ স্বাধীন। প্ল্যাটফর্মটি তৈরির মূল ভাবনাও সেটি। এত দিন সংযোগ সেবার মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনের অংশ ছিল বাংলালিংক। ‘মুক্ত পে’র মাধ্যমে এখন তাঁদের আর্থিক লেনদেনের সঙ্গেও যুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিদিনের লেনদেন আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করাই তাঁদের লক্ষ্য।
‘মুক্ত পে’র প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম জাকারিয়া বলেন, শুরু থেকেই তাঁদের লক্ষ্য ছিল, প্রথম লেনদেন থেকেই সেবাটি যেন দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য হয়। একই সঙ্গে সব মোবাইল অপারেটরের গ্রাহক যাতে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
প্রচলিত টেলিযোগাযোগ সেবার বাইরে ডিজিটাল সেবার পরিসর বাড়ানোর অংশ হিসেবে ‘মুক্ত পে’ চালু করেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির ডিজিটাল সেবা পোর্টফোলিওতে এটি নতুন সংযোজন। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে বাংলালিংকের ভূমিকা আরও জোরদার হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে বাংলাদেশে বাংলালিংকের গ্রাহকসংখ্যা প্রায় ৪ কোটি। অন্যদিকে পাকিস্তান, কাজাখস্তান ও উজবেকিস্তান, এই তিন দেশে ভিওনের আর্থিক সেবা প্ল্যাটফর্মগুলোর গ্রাহকসংখ্যা ৫ কোটি ৯০ লাখ।
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের ক্ষেত্রে ভিওনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেও ‘মুক্ত পে’ চালুর বিষয়টি বিবেচিত হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভিওন।
- বিষয় :
- বাংলালিংক