ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ

তৃতীয় সভা শেষে ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান 

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ
×
×

মজুরি বোর্ডের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফ করেন নিম্নতম মজুরি বোর্ডের সৈয়দ আজাদ সুবহানী (ছবি-সংগৃহীত)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৯:৪৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ১৯:৪৮

নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় আজ সোমবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ। তবে পরিমাণ প্রকাশ করা হয়নি। এখন শ্রমিক ও মালিকপক্ষ উভয়ে এসব মজুরি প্রস্তাব পর্যবেক্ষণ করবে। তারপর আবার দুই পক্ষই সংশোধিত প্রস্তাব দিতে পারেন। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের বৈঠকে বিকেলের বিরতিতে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের সৈয়দ আজাদ সুবহানী। 

সোমবার দুপুর পৌনে ১২টায় মজুরি বোর্ড কার্যালয়ে সভা শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এতে সভাপতিত্ব করেন। সভায় আজই প্রথম মালিক ও শ্রমিক পক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় নিয়মিত সদস্যদের বাইরে মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও সংগঠনের সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল এবং শ্রমিক পক্ষের বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশেনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু উপস্থিত ছিলেন। 

বৈঠকে বিকেলের বিরতিতে ব্রিফ করা হয়। এ সময় মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ না হওয়ায় মালিক পক্ষের প্রস্তাবিত পরিমাণ প্রকাশ করা হচ্ছে না। আলোচনা শেষে তা জানানো হবে। 

এ সময় এক সাংবাদিক জানতে চান বাজারে খবর রয়েছে, মালিকদের প্রস্তাবিত পরিমাণ ১৪ হাজার ৫০০ টাকা। আসলেই তাই কিনা–এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রস্তাবিত পরিমাণ এর চেয়ে অনেক বেশি।’ 

মজুরি বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয়েছে। এখন শ্রমিক ও মালিকপক্ষ উভয়ে এসব মজুরি প্রস্তাব পর্যবেক্ষণ করবে। তারপর আবার দুই পক্ষই সংশোধিত প্রস্তাব দিতে পারেন। 

তিনি জানান, আজকের সভা চলবে। এমনকি প্রয়োজনে আগামী বুধবারও সভাটি চলতে পারে। 

আজকের বৈঠকে আলোচনা শেষ না হওয়ায় রাত ১০টা পর্যন্ত সভা চলতে পারে। আজ আলোচনা শেষ হলে মূলতবি ঘোষণা করে আগামী বুধবার আবার সভাটি শুরু হতে পারে। 

ব্রিফিংয়ে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকদের প্রস্তাব তাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে। তাদের প্রস্তাব ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে অনেক বড় ব্যবধান রয়েছে। তবে শ্রমিক পক্ষ তাদের প্রস্তাব পর্যালোচনায় পরিমাণ কমিয়ে আবার নতুন প্রস্তাব জমা দেবেন। 

প্রসঙ্গত, মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধির প্রস্তাব ছিল ৩২ হাজার টাকা। 

আরও পড়ুন

×