অর্থ বিভাগের ১৭ কর্মকর্তা পেলেন নবম গ্রেড
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৯:৫৪
অর্থ বিভাগের ১৭ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে ১০ম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করেছে সরকার। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬-এর বিধান অনুযায়ী, আট বছর চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় তাদের এ উচ্চতর গ্রেড দেওয়া হয়েছে। নতুন গ্রেডে তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার থেকে ১ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
২২ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এটি প্রকাশ করা হয়েছে আজ সোমবার। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের উপসচিব মো. আবু উবায়দ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ১৭ জন কর্মকর্তার মধ্যে একজনের ক্ষেত্রে ২০২৬ সালের ১ জুলাই থেকে নবম গ্রেড কার্যকর হবে। অন্য ১৬ জনের ক্ষেত্রে এ গ্রেড কার্যকর হবে ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর থেকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর অনুচ্ছেদ ৬(১) অনুযায়ী অর্থ বিভাগের নির্ধারিত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদে আট বছর পূর্তিতে তাঁদের নামের পাশে উল্লেখিত তারিখ থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর নবম গ্রেডে উন্নীত করা হলো।
নতুন বেতনকাঠামো অনুযায়ী, নবম গ্রেডের মূল বেতনসীমা ৪৪ হাজার থেকে ১ লাখ ৯ হাজার ৫০০ টাকা। এর আগে তাঁরা দশম গ্রেডে ১৬ হাজার ৫০০ থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা মূল বেতন পেতেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
- বিষয় :
- অর্থ মন্ত্রণালয়
- পদোন্নতি
- প্রজ্ঞাপন