ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক

সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক
×
×

ফাইল ফটো

 ওবায়দুল্লাহ রনি 

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ০৯:০২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ০৯:৪০

| প্রিন্ট সংস্করণ

সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা ধার চেয়েছে সরকারের কাছে। ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ অর্থ ফেরত দিতে চায় ব্যাংকটি। এর বাইরে অন্য ব্যাংকে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা ফেরত পেতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে। এস আলম গ্রুপের আত্মসাৎ করা ৮২ হাজার কোটি টাকা আদায়ে অগ্রগতি না থাকার প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে দুরবস্থা থেকে উদ্ধারের এমন প্রস্তাব পাঠিয়েছে। 

ব্যাংকটিকে লাভজনক করতে তিন ভাগে বিভক্ত করে মোট ১৩টি প্রস্তাব দিয়েছে এর পরিচালনা পর্ষদ। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং পদাধিকার বলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরী পরিচালনা পর্ষদ সদস্য। ব্যাংকটিতে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম আন্দোলন করছে। এই ফোরাম জামায়াতপন্থি বলে পরিচিত। জানা গেছে, ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই একটি পূর্ণাঙ্গ পর্ষদ গঠন হতে পারে। 

সার্বিক বিষয়ে বক্তব্যের জন্য নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সমকালকে জানান, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা পর্ষদ সদস্যও পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের বিষয়ে মতামত দিয়েছেন। এ নিয়ে কাজ চলছে।

বাংলাদেশ ব্যাংকের কাছে ‘ইসলামী ব্যাংক পর্ষদের প্রস্তাব’ শিরোনামে পাঠানো প্রস্তাবনায় বলা হয়েছে– ব্যাংকের টেকসই স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের জন্য মূলধন ঘাটতি পূরণ, তারল্য সংকট মেটানো ও রাজস্ব খাত থেকে সরকারের সহায়তা দরকার। পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে সরকার থেকে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। ষষ্ঠ বছর থেকে যা ফেরত দেবে ব্যাংক।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আদলে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক রেট তথা ৪ শতাংশ সুদে বিশেষ তারল্য সহায়তা চাওয়া হয়েছে। দীর্ঘতর মেয়াদ এবং উপযুক্ত পরিশোধ ব্যবস্থার আওতায় এ অর্থ ফেরত দেবে ব্যাংক। এস আলমসহ দুর্দশাগ্রস্ত খেলাপি ঋণ আদায়ে নিয়ন্ত্রক সহায়তা চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি সম্পদ জব্দ করে পুনরুদ্ধার এবং ফ্রিজ করা শেয়ারের মালিকানা পেতে সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি বা বিশেষ উদ্দেশ্যে গঠিত কোম্পানির মাধ্যমে এসব সম্পদ বিক্রির সুযোগ চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শনের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে-বেনামে ২৪টি প্রতিষ্ঠানের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে। ২০২৪ সালের আগস্টের পর থেকে এসব শেয়ার স্থগিত রাখা হয়েছে। গত ৩০ আগস্টের এক আদেশের মাধ্যমে তিন মাসের জন্য এসব শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন আদালত।

ইসলামী ব্যাংক জানিয়েছে, বিভিন্ন ব্যাংকের কাছে তাদের প্রায় ১৪ হাজার কোটি টাকা আটকে আছে। এর মধ্যে পাঁচ ব্যাংক মিলে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের রয়েছে ১১ হাজার ২৬৪ কোটি টাকা। জনতা ব্যাংকে আছে এক হাজার ৩০৯ কোটি টাকা এবং আভিভা ফাইন্যান্সে রয়েছে এক হাজার ৮৫ কোটি টাকা। এ অর্থ আদায়ে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। এর মাধ্যমে তহবিল ও তারল্য চাপ কমানো, ব্যাংকের নিজস্ব পুরোনো সম্পদ আদায় ত্বরান্বিত করা এবং সময়াবদ্ধ ব্যালান্স শিট স্বাভাবিকীকরণে সহায়তা করা তাদের লক্ষ্য।

পুনরুদ্ধার পরিকল্পনার আরেকটি প্রস্তাবে সিআরআর ও এসএলআরের বিপরীতে আরোপিত জরিমানা ও সংশ্লিষ্ট চার্জ মওকুফ চাওয়া হয়েছে। অবশ্য বাংলাদেশ ব্যাংক এই জরিমানা মাফ করতে পারে না। ব্যাংক কোম্পানি আইনের আলোকে কেবল সরকার এই জরিমানা মাফ করতে পারে। বিদ্যমান নিয়মে একটি ব্যাংকের মোট তলবি ও মেয়াদি দায়ের ৪ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমা বা সিআরআর হিসেবে রাখতে হয়। আর সহজে বিনিময়যোগ্য সম্পদ বা এসএলআর হিসেবে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে রাখতে হয় সাড়ে ৫ শতাংশ। কোনো ব্যাংক সিআরআর সংরক্ষণে ব্যর্থ হলে অসংরক্ষিত অংশের ওপর ৯ শতাংশ হারে দণ্ডসুদ দিতে হয়। আর এসএলআর রাখতে না পারলে ব্যর্থ অংশের ওপর ১১ শতাংশ হারে জরিমানা দিতে হয় হয়।

ব্যাংকের প্রস্তাবনার শুরুতে অনুমোদিত মূলধন বর্তমানের দুই হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করতে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চাওয়া হয়েছে। একই সঙ্গে পরিচালন কাঠামো তথা মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারাসমূহ সংশোধনের সুযোগ দিতে বলা হয়েছে। দ্বিতীয় ধাপে– মূলধন ঘাটতি মেটাতে সরকারকে কৌশলগত অংশীদার হিসেবে চাওয়া হয়েছে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির পরিশোধিত মূলধন উন্নীত করা হবে সাত হাজার ৬১০ কোটি টাকায়। বর্তমানে পরিশোধিত মূলধন এক হাজার ৬১০ কোটি টাকা। এর মাধ্যমে ব্যাংকটিতে সরকার ৭৮ দশমিক ৮৪ শতাংশ মালিকানা পাবে। সরকার বা যোগ্য সরকারি প্রতিষ্ঠান ইকুইটি বিনিয়োগ বা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বিনিয়োগের কথা বলা হয়।

মূলধন বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে প্রস্তাবনায় আরও কয়েকটি বিষয় যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে– মূলধন বাড়ানোর মাধ্যমে বাসেল-৩-এর আওতায় মূলধন ঘাটতি পূরণ এবং ক্ষতি শোষণ সক্ষমতা জোরদার করা তাদের লক্ষ্য। বিদ্যমান আয় থেকে মূলধন পুনর্গঠনে ব্যাংকের সীমিত সক্ষমতার পরিপূরক হওয়া মূলধন বাড়ানোর আরেকটি লক্ষ্য। এ ছাড়া তারল্য সহায়তা থেকে আর্থিক পুনরুদ্ধারে টেকসই উত্তরণে সহায়তা করা, আমানতকারীদের আস্থা এবং অপরিহার্য ব্যাংকিং সেবার ধারাবাহিকতা সুদৃঢ় করা, কৌশলগত অংশগ্রহণ ও দায়বদ্ধ বাস্তবায়নের মাধ্যমে পুনরুদ্ধারে সহায়তা করতে চান তারা।
ইসলামী ব্যাংক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক। দীর্ঘদিন ধরে জামায়াতপন্থিদের কর্তৃত্বে ব্যাংকটি পরিচালিত হয়ে আসছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর বাংলাদেশ ব্যাংক এস আলম-সংশ্লিষ্ট পর্ষদ পুনর্গঠন করে দেয়। পরে আন্দোলনের মুখে তিনজন চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। এমডি পরিবর্তন হয়েছেন দুজন। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত এমডি দিয়ে চলছে ব্যাংকটি। 

গত জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা। মোট ঋণের যা ৫২ দশমিক ১৫ শতাংশ। ওই সময় পর্যন্ত মোট ৮২ হাজার ৩৩৪ কোটি টাকার প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংক রেকর্ড তিন হাজার ২৮৬ কোটি টাকার নিট লোকসানের মুখে পড়েছে।

 

আরও পড়ুন

×