মজুরি বোর্ডের চতুর্থ সভা চলছে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৬:০০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ১৬:০৪
তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মজুরি বোর্ডের চতুর্থ সভা চলছে। মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং এ শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।
এর আগে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।
এর আগে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়।
ওই সভায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান থাকায় সেদিন আলোচনা শেষ হয়নি। এ কারণে পরবর্তী সময়ে আলোচনার জন্য মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। মালিকপক্ষের প্রস্তাবিত মজুরির পরিমাণও তখন প্রকাশ করা হয়নি।
তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।
- বিষয় :
- মজুরি বোর্ড