পদ্মা ব্যাংক বন্ধ না করে বিকল্প ভাবছে কেন্দ্রীয় ব্যাংক
ফাইল ছবি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২০:৪৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ২০:৫১
দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংক বন্ধ না করে সাময়িকভাবে সরকারি মূলধন যোগানের মাধ্যমে ব্যাংকটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক। শুরুতে ‘ব্রিজ ব্যাংক’ প্রতিষ্ঠার মাধ্যমে ভালো অবস্থানে নিয়ে এক পর্যায়ে তা বেসরকারি খাতে বিক্রি করে দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। যদিও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আজ মঙ্গলবার একটি সার্কুলারের মাধ্যমে রেজোল্যুশনের আওতায় আনার সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের গত সপ্তাহের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
রেজোল্যুশনের আওতায় আনার মাধ্যমে একটি ব্যাংক বিক্রি, বন্ধ, একীভূতকরণ বা পুনঃমূলধনীকরণ করতে পারে বাংলাদেশ ব্যাংক। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শরীয়াহভিত্তিক ৫টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। রেজোল্যুশনের আওতায় আনার প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে পদ্মাসহ মোট ১১টি ব্যাংকের এসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) সম্পন্ন করিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে পদ্মা ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো।
আজকের সার্কুলারে বলা হয়, ‘আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সামগ্রিক শৃঙ্খলা আনয়ন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা তথা সামগ্রিকভাবে আর্থিক খাতে জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬ এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পদ্মা ব্যাংক পিএলসিকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা হলো।’
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে পদ্মা ব্যাংক নিষ্পত্তির বিষয়ে ভাবা হচ্ছে। এ জন্য ব্যাংকটিতে প্রয়োজনীয় মূলধন যোগান দেবে সরকার। কিছু তহবিলও দেওয়া হবে। মানুষের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা অর্জনের মাধ্যমে বিভিন্ন সূচকের উন্নতি করা হবে। এক পর্যায়ে ব্যাংকটিকে বেসরকারি খাতে বিক্রি করা হবে। বিদ্যমান আইন অনুযায়ী, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বোচ্চ ৫ বছর সময় নেওয়া হবে।
জানতে চাইলে পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে) কাজী মো. তালহা সমকালকে বলেন, নতুন করে আমানত আসছে না বললেই চলে। যে কারণে আমানত ফেরত দিতে পারছে খুব কম। সামান্য যে ঋণ আদায় হচ্ছে তা দিয়ে কোনো মতে ব্যাংকটি চলছে। তিনি বলেন, রেজোল্যুশন বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তারা পত্রিকায় দেখেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত পদ্মা ব্যাংকের ৫ হাজার ৫৩৯ কোটি টাকা ঋণের মধ্যে ৪ হাজার ৯৩৩ কোটি টাকা বা ৮৯ দশমিক শূন্য ৬ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। ক্রমপুঞ্জিভুত লোকসানসহ ব্যাংকটি বড় অঙ্কের দেনায় পড়েছে। গত বছর শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ২২৪ কোটি টাকা।
সংশ্লিষ্টদের মতে, ব্যাংকটির মূল উদ্যোক্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং ব্যবসায়ী মাহবুবুল আলম চিশতী ওরফে বাবুল চিশতীর অনিয়ম, জালিয়াতির কারণে চরম দুরবস্থায় পড়ে। ২০১৩ সালে ফারমার্স নামে ব্যাংকটি চালু হওয়ার মাত্র ৬ বছর পর ২০১৯ সালে নাম পরিবর্তন করে পদ্মা করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকটিতে এক্সিম ব্যাংকের সাথে একীভূত করার সিদ্ধান্ত হয়। তবে সরকার পতনের পর শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত আর আলোর মুখ দেখেনি।
ব্যাংক রেজোল্যুশন আইনের ৯ ধারার আওতায় বাংলাদেশ ব্যাংক একটি ব্যাংকের ওপর রেজোল্যুশন ক্ষমতা প্রয়োগ, দায়িত্ব পালন বা যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। এর আগে ব্যাংকটির সম্পদের গুণগত মান যাচাইসহ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এই আইনের ৯ ধারায় একটি ব্যাংক নিষ্পত্তির সুনির্দিষ্ট ছয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকের পরিশোধ, নিকাশ ও নিষ্পত্তি ব্যবস্থা চলমান রাখা, ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যাবলী অব্যাহত রাখতে এরকম সিদ্ধান্ত নেওয়া যাবে। এছাড়া সরকারি তহবিলের সুরক্ষা, ব্যাংকের সম্পদের মূল্য হ্রাস এড়ানো, পাওনাদারদের লোকসান ন্যূনতম পর্যায়ে রাখা, সামগ্রিক ব্যয় কমানো ও আর্থিক ব্যবস্থায় জনগণের আস্থা বজায় রাখতে রেজোল্যুশনের আওতায় আনা যাবে।
ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ-২০২৫ এর আলোকে শরীয়াহভিত্তিক পরিচালিত এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার দেওয়া হবে। এর বাইরে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে ১২ হাজার কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক ধার হিসেবে দিয়েছে ৩৬ হাজার কোটি টাকা।
- বিষয় :
- পদ্মা ব্যাংক
- বাংলাদেশ ব্যাংক