রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘বাংলার সমৃদ্ধিকে’ আনুষ্ঠানিক পরিত্যক্ত ঘোষণা
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ২৩:১২ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ২৩:২৬
ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘এম.ভি. বাংলার সমৃদ্ধি’ জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ঘোষণা এসেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিএসসি শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি।
এর আগে গত বৃহস্পতিবারই সাংবাদিকদের পরিত্যাক্ত ঘোষণার কথা জানিয়েছিলেন বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্যিক) পীযুষ দত্ত।
রোববার বিএসসির বরাতে প্রকাশিত ঘোষণায় আরও বলা হয়েছে, জাহাজটি বীমার আওতায় রয়েছে। ফলে পরিত্যক্ত ঘোষণা করা হলেও এটি পরিত্যাক্ত হলেও পুরো ক্ষতি শিপিং কর্পোরেশনের হচ্ছে না।
রাষ্ট্রীয় মালিকাধীন কোম্পানি বিএসসির মালিকানাধীন হলেও জাহাজটি ডেনমার্কের কোম্পানি ডেলটা কর্পোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। ওই কোম্পানির চাহিদা মোতাবেক গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে গিয়েছিল। উদ্দেশ্য ছিল সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেনেভা বন্দরের উদ্দেশে রওনা দেবে। কিন্তু তার মধ্যেই যুদ্ধ শুরু হয়।
গত বুধবার জাহাজটি ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙ্গর করা অবস্থায় রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এতে থাকা ২৯ নাবিকের মধ্যে তৃতীয় ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হন।
এ হামলায় মূল নিয়ন্ত্রণ কক্ষ (নেভিগেশন ব্রিজ) বিধ্বস্ত হয়েছে। জাহাজে মূল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নষ্ট হয়েছে।
