ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত হোক

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত হোক
×

মোহাম্মদ মহসীন

প্রকাশ: ০৯ মে ২০২২ | ১২:০০

স্যানিটেশন বা পয়ঃনিস্কাশন সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ খাওয়ার পানি যেমন স্যাটিনেশনের অংশ, তেমনি প্রস্রাব-পায়খানার পর সাবান দিয়ে হাত ধোয়াও এর বাইরে নয়। স্যানিটেশন ব্যবস্থার প্রধান লক্ষ্যই হলো একটি পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানুষের সুস্বাস্থ্য রক্ষা করা, যাতে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা যায়। যেমন- ডায়রিয়া শিশুর অপুষ্টি ও শারীরিক বিকাশে বাধাপ্রাপ্ত হওয়ার একটি প্রধান কারণ, যা উন্নত স্যানিটেশনের মাধ্যমে কমানো সম্ভব।
গ্রামে যেখানে স্যানিটেশন ব্যবস্থা দুর্বল, সেসব স্থানে ডায়রিয়া ছাড়াও কলেরা, হেপাটাইটিস, পোলিও ও কৃমিজনিত রোগ বাসা বাঁধে। ডায়রিয়ার ফলে প্রতিবছর মানুষ মারা যায়। শিশুদের ঝুঁকি এখানে বেশি। পানযোগ্য পানি এবং স্যানিটেশনের উন্নয়ন ডায়রিয়ার ঝুঁকি হ্রাস করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ ও গবেষকদের মতে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির মূল কারণ বারবার ডায়রিয়া বা অন্ত্রের কৃমি সংক্রমণের সঙ্গে সম্পর্কিত। পানিবাহিত রোগগুলো পানযোগ্য পানি দূষিত করতে পারে।
মলমূত্র থেকে সংক্রমিত রোগ অন্ত্রের কৃমি দ্বারা হয়। বিশ্বব্যাপী প্রায় দুই বিলিয়ন মানুষ মাটিতে জন্মানো কৃমি দ্বারা আক্রান্ত হয়। এসব রোগ মানুষের মলে উপস্থিত ডিম্বাণুর মাধ্যমে ছড়ায়। ফলে দুর্বল স্যানিটেশন ব্যবস্থাসম্পন্ন অঞ্চলের মাটি সহজেই দূষিত হয়ে যেতে পারে।
গ্রামে এক সময় সামর্থ্যবানরা ছাড়া কেউ নলকূপ স্থাপন করতে পারত না। গ্রামে আদর্শ বাড়ি ছিল। তখন আদর্শ বাড়ি থেকে পানি এনে সংসারের খাওয়া-দাওয়ার কাজ চলত। অনেকে ধোয়ামোছায় কখনও কখনও নদ-নদীর পানি ব্যবহার করত। এখন অবশ্য নলকূপ সহজলভ্য। অল্প আয়ের মানুষও চার-পাঁচ হাজার টাকা হলে সরকারিভাবে কিংবা নিজ উদ্যোগে একটি টিউবওয়েল বা নলকূপ বসিয়ে থাকে। গভীর নলকূপের ফলে নানাবিধ ঝুঁকি আমাদের কমেছে।
তা ছাড়া বর্তমানে অধিকাংশ মানুষ গভীর নলকূপের পানি পান করলেও উল্লেখযোগ্য মানুষ দৈনন্দিন গৃহস্থালি কাজে খালের পানি ব্যবহার করে। খালের পানিতে মলের নানা জীবাণু থাকে। তা ব্যবহারে মানুষ ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়। আবার কোথাও বৃষ্টি কম হওয়া ও অপরিকল্পিত সাবমারসিবল পাম্প স্থাপনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। সাধারণত পানির স্তর ২৬ ফুটের নিচে নামলে হস্তচালিত নলকূপ থেকে পানি ওঠে না। আর যদি তা ৩০ ফুটের নিচে নেমে যায়, তাহলে বাসাবাড়িতে মোটর দিয়ে পানি তোলাও অসম্ভব হয়ে পড়ে। তাই মানুষ পুকুর, খাল, জলাশয় ও নদীর নোংরা পানি ব্যবহার করে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
সোনারগাঁ, নারায়ণগঞ্জ

আরও পড়ুন

×