ট্যাগিং-প্রোপাগান্ডার মাধ্যমে ভোট কমানোর চেষ্টা চলছে: শামীম হোসেন
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৩৩ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৩৪
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মসহ কয়েকটি গণমাধ্যমে ট্যাগিং ও প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রে ভোট প্রদান শেষে সকালে সোয়া ১০টার দিকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন শামীম হোসেন।
শামীম হোসেন অভিযোগ করে বলেন, কয়েকটি চিহ্নিত গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে আমাকে ট্যাগিং করা হয়েছে। এটার আশঙ্কা তিনি আগেই করেছিলেন জানিয়ে বলেন, এই প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে।
শামীম হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা সচেতন। তাঁরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো ভুল করবেন না। ভোটের পরিবেশ এখনো ইতিবাচক রয়েছে। এই পরিবেশ থাকলে ফলাফল যা-ই আসুক, মেনে নেব।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন অভিযোগের বিষয়ে শামীম হোসেন বলেন, ‘প্রতিপক্ষ আমার জনপ্রিয়তা দেখেই এই প্রোপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত হয়েছে। তবে শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’
এদিকে সিনেট ভবন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক তৌহিদুল ইসলাম জানান, ডাইনিংরুমের বুথে সকাল ১০টা পর্যন্ত অন্তত ২০ শতাংশ ভোট পড়েছে।
তিনি বলেন, ‘আমরা আশা করছি, এভাবে ভোট গ্রহণ হলে বিকেল চারটার আগে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট গ্রহণ সম্ভব হবে।’
