এইচএসসির ফলাফল
হলিক্রসে পাসের হার ৯৯.৮৫ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৯৬০ জন
রাজধানীর তেজগাঁওয়ের হলিক্রস কলেজ। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ১৮:১৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ | ১৮:১৫
দেশের ১১টি শিক্ষা বোর্ডে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।
রাজধানীর তেজগাঁওয়ের হলিক্রস কলেজ প্রাঙ্গণে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয় বেলা ১১টার দিকে। ফলাফল প্রকাশের পরপরই বাঁধভাঙা আনন্দে ভাসেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
হলিক্রস কলেজে এ বছর ১৩০৯ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাস করেছেন ১৩০৪ জন, অনুত্তীর্ণ হয়েছেন ২ জন এবং পরীক্ষায় অংশ নেননি ৩ জন। মোট পাশের হার ৯৯.৮৫ শতাংশ এবং জিপিএ-৫ এর হার ৭৩.৭৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মোট ৯৬০ জন।
হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ প্রতিষ্ঠানটির ফলাফলের এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, মানবিক বিভাগে ২৬২ জনের মধ্যে একজন পরীক্ষায় অংশ নেননি এবং অংশ নেওয়া পরীক্ষার্থীদের মাঝে এই বিভাগে শতভাগ পাস করেছেন। একইভাবে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকেও ২৭৫ জনের সবাই উত্তীর্ণ হয়েছেন। বিজ্ঞান বিভাগে ২ জন অনুত্তীর্ণসহ পরীক্ষায় অংশ নেননি আরও দুজন। এছাড়া ৭৭২ জনের মধ্যে ৭৬৮ জন উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল ঘোষণার পর বাঁধভাঙা আনন্দে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণে ছুটোছুটি করতে দেখা যায় শিক্ষার্থীদের। পরীক্ষায় উত্তীর্ণরা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন পরিবার, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে। অন্যদিকে কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও পাশ করতে পেরেও অনেক শিক্ষার্থীরাই খুশি হয়েছেন।
ফোন কল, ভিডিও কল, ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে যে যেভাবে পারছিলেন নিজেদের ফলাফল সবাইকে জানাতে ব্যস্ত হয়ে পড়েন। অনেক শিক্ষার্থীরা নিজেদের ভালো ফলাফল শুনে কান্নায় ভেঙে পড়েন।
পরীক্ষায় কৃতকার্য হওয়া শিক্ষার্থী রুবি ফলাফলের ব্যাপারে বলেন, আসলে আমি যা চেয়েছিলাম তা পেয়েছি। তবে এতোটা ভালো ফলাফল হবে, বুঝতে পারিনি।
শিক্ষার্থী নিঝুম বলেন, এই পরীক্ষা তো ভালোভাবে শেষ করলাম। এখন নতুন চিন্তা। সামনে আরও বড় পরীক্ষা (এডমিশন টেস্ট)। সেটা কিভাবে পার করবো, সেটাই ভাবছি এখন।
নিজের মেয়ের ফলাফল নিতে কলেজ প্রাঙ্গণে আসা আয়েশা আহমেদ বলেন, আমার মেয়ে পাস করেছে, সেজন্য আমি আনন্দিত। কিন্তু তার থেকেও বেশি আনন্দ লাগছে আমার মেয়ে যে কলেজে পড়াশোনা করেছে সেই কলেজের সবাই পাস করেছে।
- বিষয় :
- এইচএসসির ফল প্রকাশ
