নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রোগ্রাম নৃবিজ্ঞানের নবীণবরণ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১২:৩০
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)-এর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান (বিএসএস) বিভাগে নতুনভাবে চালু হওয়া নৃবিজ্ঞান (অ্যানথ্রোপলজি) প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এক ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের সিভিক সেন্টার হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো নৃবিজ্ঞান প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাদের নতুন একাডেমিক যাত্রা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন নৃবিজ্ঞান প্রোগ্রামের সমন্বয়ক ও বিএসএস বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল বাতেন। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এটি একটি নতুন একাডেমিক যাত্রা। নৃবিজ্ঞান এমন একটি বিষয় যেখানে মানুষ, সংস্কৃতি, সমাজ ও মানবজীবনের বিভিন্ন দিক গভীরভাবে বোঝার সুযোগ রয়েছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নতুন এই যাত্রাকে কৌতূহল ও উৎসাহ নিয়ে গ্রহণ করতে হবে এবং সমাজকে বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গিতে দেখার অভ্যাস গড়ে তুলতে হবে।
বিএসএস বিভাগের চেয়ারম্যান ড. রিজওয়ান খায়ের বলেন, নৃবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সমাজ, সংস্কৃতি ও ইতিহাস বোঝার ক্ষেত্রে সহায়তা করে। শিক্ষার্থীদের বাস্তব জীবন ও সমাজ বিশ্লেষণে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বলেন, দক্ষ শিক্ষক ও আধুনিক কাঠামোর মাধ্যমে বিভাগটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। খুব শিগগিরই এই প্রোগ্রাম দেশের অন্যতম সম্ভাবনাময় একাডেমিক প্রোগ্রামে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এনএসইউর কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিবারে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার পাশাপাশি এই নতুন প্রোগ্রামকে সফলভাবে এগিয়ে নেওয়ার দায়িত্ব শিক্ষার্থীদেরও রয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সহকারী অধ্যাপক ড. নাসরিন সেরাজ সবাইকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
- বিষয় :
- শিক্ষার্থী
- ওরিয়েন্টেশন
