বিইউবিটিতে সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৮:৩৪
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) আয়োজিত একটি বিশেষ ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ (সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যবস্থাপনার জন্য আয়োজিত এ কর্মসূচিতে সাইবার ঝুঁকি মোকাবিলা, তথ্য সুরক্ষা এবং ডিজিটাল আস্থা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিইউবিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রাতিষ্ঠানিক তথ্য নিরাপত্তা জোরদার এবং ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচিটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর দীর্ঘমেয়াদি বিশেষজ্ঞ ও প্রধান উপদেষ্টা শোজি আকিহিরো। বিশেষ অতিথি ছিলেন জাইকার দীর্ঘমেয়াদি বিশেষজ্ঞ ও প্রকল্প সমন্বয়ক কাতসুকি নাহো।
অতিথিরা তাদের বক্তব্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শামীম এইচ রিপন এবং বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড এআই অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান। তারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান সাইবার ঝুঁকি, তথ্য সুরক্ষার চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, তথ্যপ্রযুক্তিনির্ভর নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিইউবিটি ভবিষ্যতেও জাইকা ও অন্যান্য অংশীজনের সহযোগিতায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- শিক্ষা
- সাইবার সিকিউরিটি সেন্টার
