ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, উত্তেজনা

ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, উত্তেজনা
×

ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর উত্তপ্ত ক্যাম্পাস। ছবি-ভিডিও থেকে নেওয়া

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৭:২৩ | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ | ২০:৩৬

ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংঘর্ষের পর কলেজের প্রধান ফটকে অবস্থান নেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া বেলা সাড়ে তিনটার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ছাত্রদলের অভিযোগ, তাদের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের ওপর কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২–এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতি চলছিল। এ সময় অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী সাজসজ্জার কাজ করছিলেন। তখন পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ছাত্রদল নেতা-কর্মী এসে তাঁদের ওপর হামলা চালান।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে পুলিশ থাকে না। খবর পেয়ে পুলিশ সেখানে গেছে।

এ ঘটনায় ঢাকা কলেজের অধ্যক্ষের বক্তব্য পাওয়া যায়নি। 

আরও পড়ুন

×