ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

৪৯তম বিসিএসের গেজেট থেকে প্রার্থীদের বাদ, প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসের গেজেট থেকে প্রার্থীদের বাদ, প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ
×

বৃহস্পতিবার দুপুরে ডাকসু ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন ভিপি সাদিক কায়েম। ছবি-সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৮:৫৬

৪৯তম বিসিএসের গেজেট থেকে প্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)। গেজেট থেকে বাদ পড়া শিক্ষার্থীদের দ্রুত অন্তর্ভুক্তির দাবি জানিয়ে নিয়োগপ্রক্রিয়ায় দলীয়করণ, রাজনৈতিক বিবেচনা ও ভেরিফিকেশনের নামে বৈষম্যের অভিযোগ করেছেন ডাকসু নেতারা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, সংবিধানের ২৯ অনুচ্ছেদে রাষ্ট্রের সব নাগরিকের চাকরির ক্ষেত্রে সমান অধিকারের কথা বলা হয়েছে। অথচ ভেরিফিকেশনের নামে গেজেটভুক্ত প্রার্থীদের চাকরি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সেই অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আগামী ১০ অক্টোবরের মধ্যে গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের চাকরিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে যারা এখনও বঞ্চিত রয়েছেন, তাঁদেরও দ্রুত চাকরিতে অন্তর্ভুক্তির দাবি জানান।

সাদিক কায়েম বলেন, ভেরিফিকেশনের নামে কোনো প্রার্থীকে চাকরি থেকে বঞ্চিত করা হলে ডাকসু ও জুলাইপন্থি শিক্ষার্থীরা চুপ করে বসে থাকবে না। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এ কারণেই তারা ‘অস্বাভাবিক আচরণ’ করছে। তারেক রহমানের হাতে দেশের নিয়ন্ত্রণ নেই এবং দলটির এমপি-মন্ত্রীরা ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন নিয়োগপ্রক্রিয়ায় ভেরিফিকেশনের নামে বিরোধী মত দমনের চেষ্টা চলছে। পরীক্ষায় ও বিভাগে প্রথম হওয়ার পরও রাজনৈতিক ভিন্নমতের কারণে যোগ্য প্রার্থীদের গেজেটভুক্ত না করা প্রশাসনিক বৈষম্য।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ৪৯তম বিসিএসের গেজেটে বিভিন্ন বিষয়ে প্রথম হওয়া প্রার্থীসহ প্রায় ৫৭ জনকে বাদ দেওয়া হয়েছে। যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয় ও ভিন্নমতের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জাতীয় অধ্যাপক নিয়োগের সুপারিশ কমিটি, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, শিক্ষক নিয়োগ ও প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রসঙ্গ তুলে ধরে এবি জুবায়ের বলেন, নিয়োগপ্রক্রিয়ায় এ ধরনের দলীয়করণ শুধু বাদ পড়া প্রার্থীদের জন্য নয়, পুরো দেশের জন্য ক্ষতিকর।

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম হয়েও গেজেট থেকে বাদ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাবেক আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বেলাল।

বেলাল বলেন, অনার্স থেকেই বিসিএস ক্যাডার হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা করেছেন। মাস্টার্স শেষ হওয়ার আগেই প্রথমবার ৪৯তম বিসিএসে অংশ নিয়ে সমাজকল্যাণ বিষয়ে প্রথম এবং মেধাক্রমেও প্রথম হন। নিজের বিরুদ্ধে কোনো ফৌজদারি বা রাষ্ট্রদ্রোহের মামলা না থাকায় গেজেট থেকে বাদ পড়ার আশঙ্কাও করেননি।

তিনি বলেন, গেজেট প্রকাশের মাত্র ৩০ মিনিট আগে বাবা-মায়ের সঙ্গে কথা বলে দোয়া চেয়েছিলেন। পরে গেজেটে নিজের নাম না দেখে হতাশ হয়ে পড়েন। তার ভাষায়, ‘বাবাকে আমি কী জবাব দেব, সেই জবাবটা আসলে কী হবে আমার কোনো ভাষা নেই।’

আরও পড়ুন

×