ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সাত ছবিতে জানা-অজানা ববিতা

সাত ছবিতে জানা-অজানা ববিতা
×

ববিতা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৯:০৯ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ১৯:১২

ঢাকাই চলচ্চিত্রের সত্তর ও আশির দশকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। অভিনয়গুণে দর্শক হৃদয়ে স্থায়ী আসন গড়েছেন। আজ তার জন্মদিন।

১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে জন্মগ্রহণ করেন তিনি। অভিনয় দক্ষতা ও মার্জিত ব্যক্তিত্বের মাধ্যমে ঢালিউড সাম্রাজ্যে নিজের একচ্ছত্র অধিপত্য বিস্তার করেন। ১৯৬৮ সালে চলচ্চিত্র অঙ্গনে আত্মপ্রকাশ করার পর তিনি টানা কয়েক দশক ধরে বাংলা সিনেমার প্রধান নায়িকা হিসেবে সফলতার সাথে অভিনয় পরিচালনা করেন। 

খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে অনঙ্গ বউ চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি আন্তর্জাতিক দরবারে বাংলা চলচ্চিত্রের ভাবমূর্তি উজ্জ্বল করেন এবং বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান। তার দীর্ঘ অভিনয় জীবনে ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘লাঠিয়াল’, ‘টাকা আনা পাই’-এর মতো অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে তিনি কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন।

এর আগে সমকালকে দেওয়া সাক্ষাৎসারে জন্মদিন নিয়ে অভিনেত্রী জানান, জন্মদিন নিয়ে কখনো বিশেষ পরিকল্পনা করেন না। তবে কানাডায় থাকলে ছেলে তাঁকে নিয়ে ঘোরাঘুরি করে, রাতে বিশেষ ডিনারেরও আয়োজন থাকে।

অভিনেত্রী বলেন, জীবনে যা চেয়েছেন, তার চেয়েও বেশি পেয়েছেন। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন, অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। তবে সব কিছুর চেয়ে দর্শকদের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি।

জীবনের অপূর্ণ ইচ্ছার কথাও উঠে আসে তার কথায়। ববিতা বলেন, ‘খুব অল্প বয়সে চলচ্চিত্রে এসেছি, অনেক শখই পূরণ হয়নি। এখন হাতে যতটুকু সময় আছে, সেই সময়টুকুতে চেষ্টা করব অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করতে।’

অভিনয়ে ফেরার সম্ভাবনা নিয়েও আশাবাদী এই বরেণ্য অভিনেত্রী। তার ভাষায়, অভিনয় থেকে দূরে থাকা তার জন্য কঠিন। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে শুধু ভালো গল্প ও শক্তিশালী চরিত্রেই কাজ করতে চান। উপযুক্ত গল্প ও চরিত্র পেলে আবারও চলচ্চিত্রে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি।

‘নয়নমণি’, ‘বসুন্ধরা’, ‘রামের সুমতি’, ‘পোকামাকড়ের ঘরবসতি’, ‘হাসন রাজা’, ‘কে আপন কে পর’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলতি বছরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক একুশে পদকে ভূষিত হয়েছেন তিনি। 

আরও পড়ুন

×