তারেক মাসুদের অসমাপ্ত ছবি নিয়ে ক্যাথরিন
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২২ | ১২:০০
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের অসমাপ্ত 'কাগজের ফুল' সিনেমাটি নির্মাণ করে মুক্তি দেওয়ার ইচ্ছা ক্যাথরিন মাসুদের।
গত শুক্রবার রাজধানীর পাঠক সমাবেশ কেন্দ্রে তারেক মাসুদের ১১তম প্রয়াণ দিবস উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। মুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত ''তারেক মাসুদ স্মরণ ও 'চলচ্চিত্রযাত্রা' গ্রন্থের পাঠ-পর্যালোচনা'' শিরোনামের ওই সভায় এমনটাই জানান তারেক মাসুদের শিল্প-সহচর ও সহধর্মিণী ক্যাথরিন। ক্যাথরিন বলেন, 'আমাদের সবারই স্বপ্ন ছিল কাগজের ফুল। তখন কাজটা শুরুই হয়নি; আমরা শুধু স্ট্ক্রিপ্টটা লিখেছিলাম। প্রি-প্রোডাকশনের কাজ এগিয়েছিল; লোকেশনগুলো দেখা হচ্ছিল। কিন্তু আকস্মিক এক দুর্ঘটনায় সবকিছু থমকে যায়।'
১১ বছর আগের স্মৃতিচারণ করে তাঁর সঙ্গে বর্তমানের তুলনা করেন নির্মাতা ক্যাথরিন। তিনি বলেন, '১১ বছর আগে সিনেমার যে বাজেট ছিল, তখন সেটা ছিল আমাদের কাছে বিশাল পাহাড়। আমরা মনে করতাম এত বড় বাজেটের সিনেমা কী করে সম্ভব বাংলাদেশে! মনে হয় বাংলাদেশ তো অনেক এগিয়েছে চলচ্চিত্রের ক্ষেত্রে। ভালো ভালো কাজ হচ্ছে। এখন হয়তো একটা সম্ভাবনা আছে, কাজটা নতুন করে শুরু করার। যতদিন এ জগতে থাকি আমার শেষ ইচ্ছা- কাজটি আমি সমাপ্ত করে যাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন।
২০১১ সালের ১৩ আগস্ট। কাগজের ফুল সিনেমার লোকেশন দেখে মাইক্রোবাসে ফিরছিলেন নির্মাতা তারেক মাসুদ ও তাঁর সঙ্গীরা। পথে মানিকগঞ্জের ঘিওরে দুর্ঘটনায় প্রাণ হারান তারেক, সাংবাদিক ও সিনেমাটোগ্রাফার মিশুক মুনীরসহ পাঁচজন।
- বিষয় :
- তারেক মাসুদ
- ক্যাথরিন মাসুদ
- বিনোদন