ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হিরানির ছবিতে শাহরুখের ‘হ্যাঁ’

হিরানির ছবিতে শাহরুখের ‘হ্যাঁ’
×

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৪৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:০৮

পিকে, থ্রি ইডিয়টসের মতো অন্যরকম সিনেমার জন্য বিখ্যাত রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করতে সম্মত হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখ খানের সর্বশেষ সিনেমা জিরো। তবে সেই ছবি বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি।

ডেকান ক্রনিকেলের প্রতিবেদন বলছে, খ্যাতনামা নির্মাতা হিরানির ছবি দিয়ে দুই বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। সাধারণত রাজকুমার হিরানির ছবি এই পরিচালকের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বিধু বিনোদ চোপড়া যৌথভাবে প্রযোজনা করে থাকেন। কিন্তু এই ছবিতে বিধু বিনোদের বদলে জায়গা নেবে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস। 

এ প্রকল্পের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রাজকুমার হিরানি প্রোডাকশন ও শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট যৌথভাবে এ ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছে। 

সূত্র আরও জানিয়েছে, হিরানির চলচ্চিত্রের নিয়মিত লেখক পারিজাত যোশিও এই নতুন চলচ্চিত্রের কাজ হাতে নিয়েছেন। এই চলচ্চিত্র একটু হালকা ধরনের গল্পের ওপর নির্মাণ করা হবে। তবে শাহরুখ আগে কখনও অভিনয় করেননি এরকম একটি চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে শাহরুখের নায়িকা হিসেবে কারিনা কাপুর খান থাকছেন কিনা এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য মেলেনি।

চলতি বছরের এপ্রিল বা মে মাস থেকে শুরু হবে ছবির শুটিং। ২০২১ সালে ছবি মুক্তির জন্য ভাবছেন নির্মাতারা। এ ছাড়াও অয়ন মুখার্জি পরিচালিত অমিতাভ বচ্চন, রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র ছবিতে ক্ষণিকের জন্য বিশেষ চরিত্রে দেখা দেবেন শাহরুখ খান। ছবিটি মুক্তি পাবে আগামী ৪ ডিসেম্বর।

আরও পড়ুন

×