ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

১৪ বছর পর একমঞ্চে ফুয়াদ, সুমন ও আনিলা

১৪ বছর পর একমঞ্চে ফুয়াদ, সুমন ও আনিলা
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২ | ০০:৫১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ | ০০:৫১

ঢাকার মঞ্চে ফিরছে 'ফুয়াদ লাইভ'। প্রায় ১৪ বছর পর একমঞ্চে গাইবেন বেজবাবা সুমন, ফুয়াদ ও আনিলা। আয়োজক সংস্থা স্কাই ট্র্যাকার জানায়, আগামীকাল ঢাকার আইসিসিবি এক্সপো জোনে হবে এই কনসার্ট। এতে দেশের জনপ্রিয় আরও ৩০ জন কণ্ঠশিল্পী অংশ নেবেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- পান্থ কানাই, এলিটা, রাফা, জোহাদ, ফাইরুজ, তাশফি, জেফার, তাসনিম আনিকা, ব্ল্যাক জ্যাংসহ আরও অনেকে। তাঁদের পাশাপাশি শ্রোতাদের মাঝে উষ্ণতা ছাড়াবে নিউইয়র্কভিত্তিক 'আবার জিগায়'খ্যাত বাংলা র‌্যাপ দল 'স্টোইক ব্লিস'।

এই আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে বেজবাবা সুমন বলেন, 'ফুয়াদের সঙ্গে শেষবার স্টেজে উঠেছিলাম ২০১৮ সালে, জয় বাংলা কনসার্টে। আমার শরীরের অবস্থা তখন ভয়ংকর খারাপ ছিল। হাতে ওয়াকিং স্টিক নিয়ে অনেক সাবধানে গাইতে উঠেছিলাম। ঠিকমতো গাইতেও পারিনি। আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সেদিন বলেছিলাম আবার কবে স্টেজে উঠব অথবা আদৌ উঠব কিনা আমি জানি না। যাহোক, আগামীকাল আবারও স্টেজে উঠছি। ইনশাআল্লাহ সেদিন ক্রাচের সাহায্য ছাড়াই স্টেজে উঠব। প্রায় ১৪ বছর পর ফুয়াদ, আনিলা আর আমাকে একসঙ্গে দর্শকরা দেখতে পাবেন। আশা করছি সব ঠিকঠাক মতো করতে পারব।'

স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, '২০১৯ সালের পর আবারও আমরা ফুয়াদ লাইভ করছি। এই আয়োজনে অন্যদের পাশাপাশি বেজবাবা সুমন, ফুয়াদ এবং আনিলার একই মঞ্চে উপস্থিতি দর্শকদের দারুণ বিনোদিত করবে বলে আশা রাখছি। আমি নিজেও এই কনসার্টটি নিয়ে বেশ আগ্রহী। আমাদের অনুষ্ঠানটি মূলত তরুণদের জন্য। তাই তাদের চাহিদার কথা মাথায় রেখেই অন্য সব শিল্পীকে চূড়ান্ত করা হয়েছে।' আয়োজকরা জানান, এই আয়োজনে দর্শকদের জন্য থাকছে 'আবার জিগায়'খ্যাত ব্যান্ড 'স্টেইক ব্লিস'-এর পরিবেশনা। জানা গেছে, 'আগামীকালের কনসার্টে দর্শকদের জন্য এক্সপো জোনের গেট খোলা হবে বিকেল ৪টায়। দর্শক এই আয়োজনের টিকিট কিনতে পারবেন অনুষ্ঠানটির টিকিটিং পার্টনার গেট সেট রক-এর ওয়েবসাইট থেকে, যার রেগুলার মূল্য ৫০০ টাকা, ভিআইপি ২০০০ টাকা।

আরও পড়ুন

×