টিভি পর্দায় একুশের নানা আয়োজন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:২১
অমর একুশে ফেব্রুয়ারি আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই প্রাণের ভাষা বাংলা। শহীদদের স্মরণ করতে ও দিবসটিকে স্মরণ করে দেশের টিভি চ্যানেলগুলো দিনব্যাপী আয়োজন করছে। সেই অনুষ্ঠানগুলোর খোঁজ-খবর থাকছে এ প্রতিবেদনে-
'গহীনের আলো'
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক 'গহীনের আলো'। মনি হায়দারের রচনায় নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। অভিনয়ে আবুল হায়াত, এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, শিশির আহমেদ প্রমুখ। তিতলি ভালোবাসে যুক্তকে। যুক্ত খুব প্রাণবন্ত এক ছেলে। চাকরি করে। তিতলি মাস্টার্স শেষ করে গবেষণা করছে ভাষা আন্দোলনের ওপর। গবেষণা করতে গিয়ে সে আবিস্কার করে ভাষা আন্দোলনের একজন নায়ক মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশকে। এগিয়ে যায় গল্প।
অঙ্গীকার
চ্যানেল আইয়ে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক 'অঙ্গীকার'। রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। অভিনয়ে দিলারা জামান, সাব্বির অর্ণব, জান্নাতুন নুর মুন, আজম খান প্রমুখ।
একুশের প্রহর
বাংলাভিশনে আজ বিকেল ৫টা ২৫ মিনিটে থাকছে 'একুশের প্রহর'। একুশের গান, আবৃত্তি ও আলোচনার আয়োজন দিয়ে সাজানো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আবৃত্তিশিল্পী মৃদুলা। চ্যানেলটির নিজস্ব প্রযোজনায় এটি নির্মিত হয়েছে।

বিটিভিতে আজ রাত ৯ টায় প্রচার হবে নাটক 'ভুল সিদ্ধান্ত'। এল রুমা আক্তার প্রযোজিত নাটকটি লিখেছেন হাসান রেজাউল। অভিনয়ে তানভীর,সুষমা সরকার,সাবেরী আলম প্রমূখ।

'রক্ত পলাশ তপ্ত শিমুল' নৃত্যানুষ্ঠানে শামীম আরা নিপা। বৈশাখী টিভিতে এটি প্রচার হবে আজ সন্ধ্যা ৬টায়। রবিউল হাসান সুজনের প্রযোজনায় এতে আরও অংশ নেবেন শিবলী মোহাম্মদ ও একদল নৃত্যশিল্পী।

অক্ষর ও স্বাক্ষর যমজ ভাই 'বাংলার ভবিষ্যৎ' স্কুলের ছাত্র। সহপাঠীদের ধর্মীয় উৎসবে প্রদীপ প্রজ্বালন দেখে স্বাক্ষরের মধ্যে একটি উপলব্ধি হয়- সব ধর্ম অন্ধকার দূর করে আলোর পৃথিবী গড়তে চায়। একদিন সবাই মিলে সিদ্ধান্ত আলো জ্বালাবে। একুশে ফেব্রুয়ারিকে বেছে নেয় তারা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক 'অক্ষর স্বাক্ষর'। পরিচালনায় কচি খন্দকার। অভিনয়ে আবুল হায়াত,মিলন ভট্টাচার্য, প্রমূখ। আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।
- বিষয় :
- টিভি আয়োজন
- একুশে ফেব্রুয়ারি
