উপস্থাপনায় ব্যস্ত শ্রাবণ্য ঈদের নাটকেও অভিনয় করেছেন
শ্রাবণ্য তৌহিদা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩ | ১৫:০৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ | ১৭:২০
টিভি উপস্থাপনার প্রিয়মুখ শ্রাবণ্য তৌহিদা। উপস্থাপনার পাশাপাশি এবার ঈদের নাটকেও অভিনয় করেছেন তিনি। প্রগতি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত তার নাটকের নাম ‘তুমি আমার সব’। এটি নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ। শ্রাবণ্যর সঙ্গে এতে অভিনয় করেছেন তরুণ মুখ আরোশ খান।
নাটকটির গল্প নিয়ে শ্রাবণ্য বলেন, সারাজীবন যেটা হয়েছে, কলেজ বা ভার্সিটিতে ছেলেরাই আমার পেছনে সবসময় ঘুরেছে, আমি পাত্তা দেইনি। এখানে দেখা যাবে তার উল্টো। যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে।’
ঈদের ৭ম দিন বিকেল চারটায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।
নাটকটি নিয়ে পরিচালকের ভাষ্য, ‘নাটকের গল্পটি মূলত দুই কাজিনের গল্প। মেয়েটি ছেলেটির প্রতি জমিয়ে রাখা দীর্ঘদিনের অব্যক্ত আবেগ ও ভালোবাসার কথা প্রকাশের জন্য তার কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করছিল। ছেলেটি তাৎক্ষণিক প্রত্যাখ্যান করলেও ধীরে ধীরে শৈশব একসঙ্গে বেড়ে উঠা পাশের মানুষটির মধ্যেই অন্য এক মানুষকে খুঁজে পায়। কিন্তু পরিণয়ের পথেও নিজের মুখোমুখি দাঁড়াতে বাধ্য হয় ছেলেটা।’
বিভিন্ন চরিত্রে এতে আরও অভিনয় করেছেন রাশেদ এমরান, বিথী রানী সরকার, শারমিন সুলতানা শর্মী, শশী আফরোজা, সাখাওয়াত রিপন, কে এম শরীফ ইমতিয়াজ।
নাটকটির একটি গান গেয়েছেন মাহতিম সাকিব। যে গানটির সংগীত পরিচালনা করেছেন শোভন রায়।
- বিষয় :
- শ্রাবণ্য তৌহিদা
- ঈদের নাটক
- বিনোদন
