ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ক্যাম্পেই তৈরি হলো চার শিল্পীর নতুন গান

ক্যাম্পেই তৈরি হলো চার শিল্পীর নতুন গান
×

জেফার, প্রীতম, মুজা ও ফুয়াদ

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ০৮:২২

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসেছিল গ্র্যামির জমকালো পুরস্কার প্রদান অনুষ্ঠান। সংগীত দুনিয়ার সবচেয়ে বড় আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান।

এ ছাড়া সংগীতনির্ভর অনেক আয়োজনেই তাদের পাওয়া গেছে। এবার যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী এক সং রাইটিং ক্যাম্পে অংশ নিয়েছেন এই তারকা শিল্পীদ্বয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল এ ক্যাম্প। সেখানে বসে অনেক নতুন গান তৈরি করেছেন তারা। বাংলাদেশ থেকে তাদের নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছে কাইনেটিক মিউজিক। এমনটিই জানালেন কণ্ঠশিল্পী জেফার। ওই কর্মশালায় ফুয়াদ আল মুক্তাদীর, মুজাসহ বিশ্বের নামিদামি ১২ জন শিল্পী উপস্থিত হয়েছিলেন।


জেফার বলেন, ‘সংগীত নিয়ে অনেক আয়োজনে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। এ রকম সংগীত নিয়ে একটি ক্যাম্পে আমি ও প্রীতম হাসান এই প্রথমবার গিয়েছি। ক্যাম্পে অংশ নিয়ে নতুন নতুন গান বানানোর স্বপ্নে বিভোর ছিলাম। একসঙ্গে এতগুলো সংগীতের মানুষ গান বানায় কীভাবে, তা এখানে না এলে বুঝতাম না। আমাদের খুব কাছের মানুষ ফুয়াদ ভাই ও মুজা থাকেন আমেরিকায়। তারাও যোগ দিয়েছেন ক্যাম্পে। সম্মিলিত কিছু কাজ করেছি। গানে গানে আড্ডায় কেটেছে দারুণ কিছুদিন। সবাইকে একসঙ্গে পেয়ে আনন্দময় সময় কাটিয়েছি।’

প্রীতম হাসান বলেন, ‘গানের মানুষের রাইটিং সামিটে অংশ নিতে পেরে ভালোই লেগেছে। নতুন নতুন কিছু গান তৈরি হয়েছে সেখানে। অনেক কিছু শেখার সুযোগ হয়েছে, যা আমাদের সংগীত ক্যারিয়ারে খুব কাজে লাগবে। আশা করছি, শিগগির শ্রোতাদের সামনে গানগুলো নিয়ে হজির হবো।’

ওই ক্যাম্প থেকে তৈরি কিছু গান আমেরিকার পাশাপাশি বাংলাদেশ থেকে প্রকাশ পাবে। একক গানের পাশাপাশি ভিন্নধর্মী  দ্বৈত কিছু গানও করেছেন জেফার।  সে গানগুলো নিয়ে বর্তমানে কাজ করছেন তিনি। কবে নাগাদ গানগুলো প্রকাশ পাবে, তা নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। গানের সংখ্যা ও শিরোনাম নিয়েও মুখ খোলেননি জেফার।

আরও পড়ুন

×