ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

থিয়েটারের শিক্ষার্থীদের জন্য আলী যাকের গবেষণা বৃত্তি চালু

থিয়েটারের শিক্ষার্থীদের জন্য আলী যাকের গবেষণা বৃত্তি চালু
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১৩:৪৯ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ১৩:৪৯

আলী যাকের গবেষণা বৃত্তি পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের [ঢাবি] থিয়েটারের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের মধ্যে রোববার ‘আলী যাকের গবেষণা অনুদান’ স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে।

গত রোববার সকালে ঢাবির নাটমণ্ডল মিলনায়তনে হয়েছে এই আয়োজন। বিভাগের স্নাতকোত্তরে অধ্যয়নরত প্রতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গবেষণা ও নাট্য প্রযোজনা নির্মাণের জন্য প্রতিবছর পাঁচ লাখ টাকা অনুদান পাবেন বলে জানা গেছে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মঙ্গলদীপ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সারা যাকের, বিশ্ববিদ্যালয়ের থিয়েটার পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন, বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইস্রাফিল শাহিন, অধ্যাপক ড. আহমেদুল কবির, কাজি তামান্না হক, তানভীর নাহিদ খান এবং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী।

মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সারা যাকের বলেন, ‘আমরা সামান্য গবেষণা অনুদান দিয়ে থিয়েটার বিভাগের সঙ্গে যুক্ত থাকতে পারছি এটা আমাদের জন্য আনন্দের। আমরা যত বেশি তাদের পাশে এগিয়ে আসব দেশের নাটকের ভবিষ্যৎ ততবেশি উজ্জ্বল হবে। দশ বছরের মধ্যে দেশের মঞ্চ নাটককে পেশাদারিত্বের জায়গায় নিয়ে যেতে চাই।’ 

দুটি পর্বে এই অনুদান দেওয়া হবে। প্রথম পর্বে অনুদান হিসেবে আড়াই লাখ টাকার চেক দেন মঙ্গলদীপ ফাউন্ডেশনের চেয়ারপারসন সারা যাকের। প্রতি বছর অনুদানের অঙ্ক পাঁচ লাখ টাকা। আড়াই লাখ টাকা করে দুটি পর্যায়ে প্রদান করবে মঙ্গলদীপ।

প্রসঙ্গত, ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৭ নভেম্বর মারা যান একুশে পদকপ্রাপ্ত এবং বরেণ্য নাট্যজন আলী যাকের। 


আরও পড়ুন

×