ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আমি ছোট বেলা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত: ঊর্মিলা

আমি ছোট বেলা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত: ঊর্মিলা
×

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর

বুলবুল ফাহিম

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ১৪:৫১ | আপডেট: ১৮ জুলাই ২০২৩ | ১৪:৫৪

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। অভিনয়ে ১৩ বছরের ক্যারিয়ার তার। অভিনয়ের পাশাপাশি রাজনীতিও সক্রিয় তিনি। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে রাজনীতি ও অভিনয়সহ বেশকিছু বিষয় নিয়ে কথা বলেছেন তিনি

সমকালের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। কেমন কাটল বিশেষ দিনটি?

সমকাল পরিবারকে ধন্যবাদ। আজ দিনের পুরোটা সময়ই আম্মুর সঙ্গে কাটিয়েছি। বিকেলের দিকে নিজের পার্লারে গিয়েছি সেখানে আমার মেয়েরা কেক কাটার জন্য অপেক্ষা করছিলে। তাদের সময় দেই। আর বিশেষ আনন্দের কথা হচ্ছে চট্টগ্রাম থেকে আমার জন্মদিনে উদযাপন করতে আমার কিছু বন্ধুরা এসেছে। সন্ধ্যার পর ওদের নিয়েই বের হয়েছি। 

সম্প্রতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সংস্কৃতি বিষয়ক সম্পাদক দায়িত্ব পেয়েছেন। কেমন লাগছে?

এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি। আমি ছোট বেলা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। মিডিয়াতে কাজ শুরুর আগে অর্থাৎ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সেখানে মহিলা বিষয়ক সম্পাদক ছিলাম। এরপর আওয়ামী ছাত্রী পরিষদের সহ-সাধারণ সম্পাদক। পরবর্তীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে কাজ করেছি। যুবলীগের আহ্বায়ক কমিটিতে কাজ করেছি। এরপর আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাব কমিটিতে কাজ করেছি। এছাড়া গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মূল প্রচার কমিটিতে কাজ করেছি। সবকিছু মিলে এই নতুন প্রাপ্তিটা আমার কাছে অনেক আনন্দের।

নতুন পদ পেলেন। কাজ নিয়ে কি কোনো পরিকল্পনা করেছেন?

দুদিন আগেই তো কমিটি ঘোষণা হলো। সংস্কৃতির বিষয়টা তো আমার দেখার আছে। সামনে যেহেতু নির্বাচন সেহেতু পুরো বাংলাদেশে সংস্কৃতির বিষয়টি নিয়ে আমার বড় পরিকল্পনা আছে।

ইদানিং আপনাকে অভিনয়ে খুব বেশি দেখা যায় না। এটা কি রাজনীতির কারণে না অন্য কোন কারণ ?

বিষয়টা পুরোপুরি রাজনীতির জন্য না। আমি আমার ব্যবসা নিয়েও কিছুটা ব্যস্ত। এর আগে যেগুলো ধারাবাহিক নাটকে শুরু করেছিলাম সেগুলো চালিয়ে যাচ্ছি। এছাড়া একক নাটক করছি। এখন যে নাটকগুলো বেশি হচ্ছে, সেগুলো আমি এনজয় করি না। বিধায় আমাকে নাটকে কম দেখা যাচ্ছে।

নেতৃত্ব নাকি অভিনয়- কোনটা বেশি  উপভোগ করেন?

দেখুন, একজন শিল্পী সবসময় অভিনয়টা বেশি এনজয় করে। দেখবেন ৯৪ বছর হয়ে গেছে তবুও তিনি অভিনয় চালিয়ে যাচ্ছেন। শিল্পীরা জীবনের শেষদিন পর্যন্ত অভিনয় করে যেতে চান। সেই জায়গা থেকে অভিনয় সবসময়ই এনজয় করি। পাশাপাশি নেতৃত্বটাও। সব থেকে বড় কথা হলো- একটি সংগঠনের সঙ্গে থাকলে কাজের দায়বদ্ধতাও চলে আসে।

অভিনয়ে ১৩ বছরের ক্যারিয়ার। দীর্ঘ এই যাত্রার এই সময়ে এসে উপলব্ধি কী?

আমি অনেক ভালো ভালো কাজের সুযোগ পেয়েছি। এখন নিজের কাজের সংখ্যা গুনে দেখলে আমি নিজেই আপ্লুত হই।

সিনেমায় অভিনয় নিয়ে কি বলবেন?

শাহনাজ কাকলীর পরিচালনয় ফেরদৌসী মজুমদারের সঙ্গে ‘ফরম বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেছি। এখনে মূল চরিত্রে আমাকে দেখা যাবে। ভারতে সিনেমাটির পোস্ট প্রোডাক্টশনের কাজ চলছে। এটি ডিসেম্বরে মুক্তি পাবে। যেহেতু এটা আমার প্রথম সিনেমা সেহেতু এটা নিয়ে আমার স্বপ্নটাও বিশাল।

নাটক-সিনেমাতে আপনি কাজ করেছেন। ওটিটি নিয়ে কোন পরিকল্পনা আছে?

সত্যিকার অর্থে ওটিটিতে ভালো কাজের জন্য আমি সেরকম কোনো প্রস্তাব পাইনি। যদি পাই তাহলে অবশ্যই করব।

আরও পড়ুন

×