চাইলে প্রতিদিনই ক্যামেরার সামনে দাঁড়াতে পারি: মেঘলা মুক্তা
মেঘলা মুক্তা
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ১২:৪৭
মেঘলা মুক্তা। অভিনেত্রী ও মডেল। শিগগিরই হাতে থাকা নতুন সিনেমা ‘আগুনের পাখি’র কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এ সিনেমা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তাঁর সঙ্গে
‘আগুনের পাখি’ সিনেমা যুক্ত হলেন। কাজটিতে আগ্রহী হওয়ার কারণ কী?
প্রথমত সিনেমার গল্প এ কাজে আগ্রহী করেছে। যে গল্পে কিছু মেসেজ থাকে, সবসময় চেয়েছি এমন সব গল্পে কাজ করতে। এ সিনেমার গল্পটি যখন নির্মাতা আউয়াল রেজা আমাকে শোনালেন তখন মনে হলো এরকম গল্পই তো আমি খুঁজি। সময়ের নানা সীমাবদ্ধতাকে জয় করে নারীর এগিয়ে চলার গল্প এটি। ময়মনসিংহে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে। গল্পটি খুবই সময়োপযোগী। নারীকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটিতে আমার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। এতে আমার চরিত্র এক প্রতিবাদী মেয়ের।
বাস্তবে আপনি কেমন চরিত্রের?
আমিও প্রতিবাদী মেয়ে। আমি কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দিই না। নারীকে সম্মানহানি যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছি। মনে হয় বাস্তব চরিত্রটি পর্দায় তুলে ধরা আমার জন্য খুব সহজ হবে।

চরিত্রটির জন্য প্রস্তুতি কেমন নিচ্ছেন?
এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই প্রস্তুতিতেই আছি। নিয়মিত কয়েকটি বিষয় প্রশিক্ষণ নিচ্ছি। কী প্রশিক্ষণ নিচ্ছি ইউনিটের পক্ষ থেকে বলা বারণ। গত দুই মাস ধরে একটি বিষয় শিখছি। আর্টফর্ম প্র্যাকটিস করছি। সিনেমার শুটিং শুরু হবে কবে? ময়মনসিংহে আগামী মাস থেকে এর দৃশ্যধারণ শুরু হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সিনেমাটি নিয়ে আপনাকে গণমাধ্যমে কোনো কথা বলতে দেখা যায়নি... তিন মাস আগে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। তবে নির্মাতার পক্ষ থেকে এ নিয়ে কথা বলা বারণ ছিল। সম্প্রতি আমার লুক টেস্ট শেষ হয়েছে। এপর থেকেই এ বিষয়ে কথা বলছি।
সমসাময়িকদের তুলনায় আপনি কম কাজ করছেন...
চাইলে প্রতিদিনই ক্যামেরার সামনে দাঁড়াতে পারি। অভিনয় জগতে টিকে থাকতে হলে খুব বেশি কাজ করার দরকার নেই। মানসম্পন্ন কাজ হলে অল্প কাজ দিয়ে সবার কাছে পৌঁছানো যায়। যে কাজগুলোতে বার্তাবহন করে সে ধরনের কিছু কাজ করতে চাই।
নাটকে কখনও অভিনয়ের ইচ্ছা নেই?
নাটকের মার্কেট অনেক বড়। এখানে আয় ও সম্মান দুটোই পাওয়া যায়। আমি মডেলিং থেকে যখন সিনেমায় এসেছিলাম তখন নাটকে আমাকে কেউ প্রস্তাব দেয়নি। আমি নিজেও কখনও ভাবিনি। সরাসরি সিনেমায় কাজ শুরু করেছি। নাটকে নয়, বড় পর্দার পাশাপাশি ওটিটিতে কাজ করতে চাই।
- বিষয় :
- মেঘলা মুক্তা
- অভিনেত্রী
- বিনোদন