‘জীবন থেকে নেয়া’র চিত্রগ্রাহক আফজাল চৌধুরী আর নেই
চিত্রগ্রাহক আফজাল চৌধুরী। ছবি-সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ২২:১২ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ২২:১৩
কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’র চিত্রগ্রাহক আফজাল চৌধুরী আর নেই। বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।
পারিবারিক সূত্র জানা যায়, বার্ধ্যক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জে জন্ম নেওয়া আফজাল চৌধুরী ছোটবেলা থেকেই ফটোগ্রাফি করতেন। ১৯৫০ সালে বোম্বে যান চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে নিয়ে। সেখানে বিখ্যাত চিত্রগ্রাহক ভাই জাল মিস্ত্রি ও ফলি মিস্ত্রির সঙ্গে কাজ শেখেন। এরপর লাহোর ও করাচিতে কাজ করেন।
১৯৬০ সালে করাচির চলচ্চিত্র ‘আর ভি গাম হ্যায়’ দিয়ে তার কর্মজীবন শুরু। ১৯৬০ সালে জহির রায়হানের চিঠি পেয়ে ঢাকায় আসেন তার ‘কাচের দেয়াল’ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করার জন্য। এটিই ঢাকায় তার প্রথম চিত্রায়িত চলচ্চিত্র। এরপর ঢাকায় বহু ছবির চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন।
পরবর্তীতে জহির রায়হান ছাড়াও বহু খ্যাতিমান নির্মাতার সাথে কাজ করেন আফজাল চৌধুরী। জীবন থেকে নেয়া ছাড়াও তিনি কাজ করেন সঙ্গম, বাহানা, আয়নার মতো চলচ্চিত্রে।
