ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঋতুপর্ণার প্রযোজনায় ১৪ বছর পর বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর

ঋতুপর্ণার প্রযোজনায় ১৪ বছর পর বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২২ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৩

বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর দীর্ঘ ১৪ বছর বাংলা চলচ্চিত্রে অভিনয়ে ফিরছেন।  ছবির নাম ‘পুরাতন’।  সুমন ঘোষ পরিচালিত সিনেমাটির প্রযোজক হিসেবে থাকছেন টালিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত। 

বলিউডে অভিনেত্রী হলেও শর্মিলা মূলত বাঙালি। চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল সেই ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ছবি ‘অপুর সংসার’–এর মধ্য দিয়ে। এই শর্মিলা ঠাকুরের বেড়ে ওঠা, শৈশব, পড়াশোনা কলকাতাকে ঘিরেই। ২০০৯ সালে সর্বশেষ বাংলা ছবি ‘অন্তহীন’–এ অভিনয় করেছিলেন তিনি। ১৪ বছর পর ফের ফিরলেন বাংলা সিনেমাতেই। 

ভারতের ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পতৌদিকে ১৯৬৮ সালে বিয়ে করেন শর্মিলা। আর ২০১১ সালের ২২ সেপ্টেম্বর পতৌদি প্রয়াত হন তিন সন্তানকে রেখে। তারা হলেন সাইফ আলী খান, সাবা আলী খান ও সোহা আলী খান। সাইফ আলী খান আবার বিয়ে করেন অভিনেত্রী করিনা কাপুরকে।

সুমন ঘোষের এই ছবিতে শর্মিলার সঙ্গে মেয়ের ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মা–মেয়ের সম্পর্ককে উপজীব্য করে এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে। আগামী ৮ ডিসেম্বর শর্মিলার জন্মদিনকে সামনে রেখে শুরু হবে ‘পুরাতন’ ছবির শুটিং। ছবিতে শর্মিলার মেয়ে ঋতুপর্ণার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত।

শুক্রবার সুমন ঘোষের এই নতুন ছবির নাম ঘোষণা নিয়ে কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত সংবাদ সন্মেলনে শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্তসহ ছবির কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×