ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বায়োপিক নিয়ে টরন্টো উৎসবে তিশা-শুভর সঙ্গী নুসরাত ফারিয়া

বায়োপিক নিয়ে টরন্টো উৎসবে তিশা-শুভর সঙ্গী  নুসরাত ফারিয়া
×

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ২২:১৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ শিগগির মুক্তি পাবে বিশ্বজুড়ে। সিনেমা হলে মুক্তির আগে ছবিটি দেখানো হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ৭ সেপ্টেম্বর কানাডার টরন্টোতে শুরু হয়েছে ‘৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। শ্যাম বেনেগাল পরিচালিত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবিটি ১৩ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বেল লাইট বক্স সিনেমা ৭-এ প্রথমবারের মতো প্রদর্শিত হবে।

১০ দিনের এই উৎসবের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর। মুজিব সিনেমার পক্ষ থেকে টরন্টো উৎসবে যোগ দিতে কানাডা যাচ্ছেন এ সিনেমার তিন অভিনয়শিল্পী আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া। এ ছাড়া তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও যুগ্ম সচিব মো. কাউসার আহাম্মদের উৎসবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ সিনেমায় শুভ অভিনয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিণত বয়সের চরিত্রে। শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা আর নুসরাত ফারিয়া রয়েছেন শেখ হাসিনার চরিত্রে।

গত মাসে একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল জানিয়েছিলেন টরন্টো উৎসবে সিনেমাটি প্রদর্শনের কথা। তিনি বলেন, ‘শেখ হাসিনা খুব আগ্রহী আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনীর ব্যাপারে। বিশেষ করে সেই দেশে, যেখানে অনেক বাংলাদেশির বসবাস। সে বিবেচনায় টরন্টো উৎসবেই সিনেমাটির পর্দা উঠছে।’ শ্যাম বেনেগাল জানিয়েছেন, এই উৎসবে প্রদর্শনের পর এ বছরের যে কোনো সময় মুক্তি পাবে সিনেমাটি।

যেহেতু এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা, তাই দুই দেশে একসঙ্গেই মুক্তি পাবে। বিশ্বের আরও অনেক দেশে মুজিব মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। সিনেমাটি তৈরি হয়েছে বাংলা ভাষায়। অন্য ভাষাভাষীদের সুবিধার্থে হিন্দি ও ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

×