‘হাওয়া মুক্তির পর কতদিন কেটে গেল, হিসাব-নিকাশ করিনি’
মেজবাউর রহমান সুমন
রাসেল আজাদ বিদ্যুৎ
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ০৬:৪৮ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ০৬:৪৯
মেজবাউর রহমান সুমন। মেঘদল ব্যান্ডের কণ্ঠশিল্পী এবং নাটক ও চলচ্চিত্র নির্মাতা। এ বছর দুই দশকের মাইলফলক স্পর্শ করেছেতাঁর ব্যান্ড মেঘদল। গানে গানে দীর্ঘ এই পথচলা, নতুন আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে–
গানের ভুবনে মেঘদলের দুই দশক পূর্ণ হলো। অথচ একটি একক কনসার্ট ছাড়া তেমন কোনো আয়োজন চোখে পড়েনি, কারণ কী?
‘শরতে মেঘদল’ শিরোনামেযে একক কনসার্ট করেছি, সেটি আসলে দুই দশক পূর্তির কোনো আয়োজন ছিল না। অনেকদিন একক কনসার্টের সুযোগ হয়নি আমাদের। বেশির ভাগ কনসার্টই ছিল বিভিন্ন ব্যান্ডের সঙ্গে; যেখানে পাঁচ থেকে সাতটির বেশি গান পরিবেশনের সুযোগ ছিল না। সে কারণেই অনেকদিন পর একক কনসার্টের আয়োজন। যেখানে দর্শকদের আমরা নতুন-পুরোনো মিলিয়ে ২০টির বেশি গান শুনিয়েছি। এটি দুই দশক পূর্তির উদযাপন নয়, প্রাথমিক প্রস্তুতি বলা যেতে পারে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই কি মেঘদলের দুই দশক পূর্তি উদযাপনের পরিকল্পনা করছেন?
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দশকের পথচলা স্মরণীয় করে রাখতে চাই। শুধু আমার নয়, এই ইচ্ছা ব্যান্ডের সবার। কারণ, ২০ বছরের বেশি সময় একটি ব্যান্ডের টিকে থাকা, ধারাবাহিকভাবে গান প্রকাশ করে যাওয়া মোটেও সহজ নয়। আমাদের গানের শ্রোতা যে ক’জনই হোক, তাদের একটা প্রত্যাশা সবসময় ছিল, তা পূরণের জন্যই গান ও অ্যালবাম প্রকাশনা ধরে রেখেছি। ছুটছি দেশ-বিদেশের মঞ্চে। এভাবেই এতটা পথ পাড়ি দিতে পারা। যদিও চলতি বছর ২০ বছর পূর্ণ হয়েছে মেঘদলের। কিন্তু সামনে জাতীয় নির্বাচন এবং আরও বেশকিছু বিষয় মাথায় রেখেই উদযাপনটা পিছিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, আগামী বছরের প্রথমভাগে আমরা সংগীত উৎসবের মধ্য দিয়ে দুই দশকের পূর্তি উদযাপন করতে পারব।
শুধু কনসার্ট নাকি নতুন গান বা অ্যালবামও প্রকাশ করবেন?
কনসার্ট তো থাকবেই, তবে সেটি ভিজ্যুয়ালি করা যায় কিনা, তা নিয়েই ভাবছি। আমাদের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র কাজও প্রায় শেষ। কিছু গান প্রকাশ করা হয়েছে। বাকি গানগুলো একে একে প্রকাশ করা হবে।পাশাপাশি অ্যালবাম কালেক্টরদের জন্য একটি ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা রয়েছে। আমাদের বিভিন্ন অ্যালবামের নির্বাচিত গান দিয়ে ভিনাইল রেকর্ড অ্যালবামটি সাজানো হবে। একই সঙ্গে স্যুভেনিয়র, টি-শার্টসহ আরও কিছু যুক্ত করা যায় কিনা, সেটিও ভাবনায় আছে।
এবার ভিন্ন প্রসঙ্গে আসি। ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোড়ন তোলার পরও নতুন কোনো সিনেমা নির্মাণের ঘোষণা দেননি। এ নিয়ে কিছু ভাবছেন?
একটি স্ক্রিপ্ট নিয়ে কাটাছেঁড়া চলছে। সেটি শেষ হলে নতুন সিনেমানির্মাণের বিষয়ে কিছু বলতে পারব। তার আগে আপাতত কিছু বলতে পারছি না। তাই ‘হাওয়া’ মুক্তির পর কতদিন কেটে গেল, তার হিসাব-নিকাশ করিনি। যখন মনে হবে আমি একটি সিনেমা নির্মাণের জন্য পুরোপুরি প্রস্তুত, তখনই ক্যামেরার পেছনে দাঁড়াব।
- বিষয় :
- মেজবাউর রহমান সুমন
- হাওয়া
- মেঘদল
