থেমে গেল অভিনেতা সাধুর জীবন
ফেসবুক থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ২১:৪৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ | ২৩:০৪
চিরতরে থেমে গেল নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধুর জীবন।
নানা বাধা আর বিপত্তিকে থামিয়ে দিয়ে অভিনয়, নির্মাণ আর লেখক হয়ে যে জীবন গড়েছিলেন সাধু বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে থেমে গেছে সেই জীবন।
রাজধানীর স্কয়ার হাসপাতালে মস্তিষ্কে স্ট্রোক হওয়ার পর লাইফ সাপোর্ট থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে সাধুর মৃত্যুতে লিখেছেন, 'তুই সময় দিছিলি আমাদের তৈরি হওয়ার। আমরা হয়তো তৈরিও হইছিলাম। কিন্তু মানুষ বোধ হয় কখনোই প্রিয়জনের বিদায়ের জন্য তৈরি হইতে পারে না রে, সাধু!'
চট্টগ্রামে জন্ম নেওয়া সাধু ঢাকায় এসে একপর্যায়ে কাজ শুরু করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী পরিচালক হিসেবে। এরপর অসংখ্য নাটক, টেলিছবি, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। এরপর কাহিনি ও চিত্রনাট্য লেখা, পরিচালনা করা। অমর একুশে গ্রন্থমেলায় এবার প্রকাশিত হয় তার বই ‘ননাই’।
প্রকৃতির খেয়ালে শরীরে গড়ন ছিল কিছুটা অস্বাভাবিক; তুলনামূলকভাবে খর্বাকার ছিলেন তিনি। বাড়ি ছেড়ে ঢাকায় এসে জীবনের প্রয়োজনে প্রথম পর্যায়ে রেলস্টেশনে, বাসস্টেশনে রাতও কাটাতে হয়েছে সাধুকে।
- বিষয় :
- বিনোদন
- সাধু
- অভিনেতা সাধু